Apan Desh | আপন দেশ

গরমে হাঁসফাঁসের মধ্যে বৃষ্টি নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২১, ৩ জুন ২০২৬

গরমে হাঁসফাঁসের মধ্যে বৃষ্টি নিয়ে সুখবর

ছবি : আপন দেশ

রাজধানীসহ সারা দেশে গত কয়েকদিন ধরে গরমে হাঁসফাঁস অবস্থা। ঢাকাসহ অন্তত ৪০টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তীব্র রোদের সঙ্গে তপ্ত বাতাসে জনজীবন ওষ্ঠাগত। সেই সঙ্গে বাড়ছে হিটস্ট্রোকসহ গরমজনিত নানা স্বাস্থ্যঝুঁকি। এরমধ্যে স্বস্তির খবর জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি বলছে, বৃহস্পতিবার (০৪ জুন) থেকে সারা দেশে বৃষ্টিপাত বাড়লে কমতে পারে গরমের তীব্রতা।

বুধবার(০৩ জুন) সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘহীন এবং রোদের তীব্রতা ছিল প্রখর। দুপুর গড়াতেই ব্যস্ত সড়ক কিংবা ফুটপাত–সবখানেই গরমের প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। 

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে তা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হচ্ছে।

তীব্র তাপপ্রবাহের কারণে জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। আর যাদের বাধ্য হয়ে বের হতে হচ্ছে, তাদের ভরসা ছাতা, টুপি আর পানির বোতল। একটু স্বস্তির খোঁজে পথচারীদের রাস্তার পাশের দোকান থেকে শরবত বা পানি পান করতে দেখা গেছে।

আবহাওয়াবিদরা বলছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পাশাপাশি ‘এল নিনো’র প্রভাবও এ অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। তবে বৃহস্পতিবার থেকে আকাশে মেঘের পরিমাণ বাড়তে পারে।

আরও পড়ুন : মা-বাবা হত্যার বিচার চাইলেন মেঘ, আশ্বস্ত করলেন অ্যাটর্নি জেনারেল

এ বিষয়ে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘বুধবার দুপুর ১২টা পর্যন্ত ঢাকার তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে এল নিনোর প্রভাবে বাংলাদেশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে। আশার কথা হলো, বৃহস্পতিবার থেকে সারা বাংলাদেশে বৃষ্টিপাতের তীব্রতা একটু একটু করে বাড়তে পারে। তখন উপকূলীয় জেলাগুলোতে তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়