ছবি: আপন দেশ
যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে রাতে মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। রোববার (০৭ জুন) থেকে নতুন সময়সূচি কার্যকর হওয়ার কথা রয়েছে।
বুধবার (০৩ জুন) মেট্রোরেলের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, উত্তরা উত্তর ও মতিঝিল—উভয় প্রান্ত থেকেই শেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট বাড়ানো হয়েছে।
বর্তমানে সপ্তাহের সাত দিন উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায়। মতিঝিল থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ১০টা ১০ মিনিটে। নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে। আর মতিঝিল থেকে ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।
তবে সময় বাড়ানো হলেও নতুন কোনো ট্রেন যুক্ত করা হচ্ছে না। বিদ্যমান সূচি অনুযায়ী ২০ মিনিট বিরতি বজায় রেখেই শেষ ট্রেন পরিচালিত হবে।
সংশ্লিষ্টরা জানান, সময় বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষামূলক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সব ধরনের প্রস্তুতিও শেষ। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
এর আগে গত বছরের অক্টোবরে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। তখন সকালে ট্রেন চলাচল আধা ঘণ্টা আগে শুরু করা হয়। একই সঙ্গে রাতের শেষ ট্রেনের সময়ও আধা ঘণ্টা বাড়ানো হয়েছিল।
আরও পড়ুন <<>>আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দফতর জানিয়েছে, যাত্রী চাহিদার ভিত্তিতে ৭ জুন থেকে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে। এর ফলে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছাড়বে। আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানীতে দেশের প্রথম মেট্রোরেল সেবা চালু হয়। শুরুতে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত পরিসরে চলাচল করলেও পরে ধাপে ধাপে সব স্টেশন চালু করা হয়।
সবশেষে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয়। এর মাধ্যমে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ সেবা চালু হয়। তবে কমলাপুর স্টেশন চালু হলে এ রুটের পূর্ণাঙ্গ কার্যক্রম সম্পন্ন হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































