ছবি : আপন দেশ
হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ২ পক্ষের ২০ জন আহত হয়েছেন।
বুধবার (০৩ জুন) বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের তথ্যমতে, মঙ্গলবার (০২ জুন) বিকেলে কাশিপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল ২-০ গোলে পরাজিত হওয়ার পর ধারাভাষ্যকারের মাইকে দেয়া একটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।
ওই ঘটনার জেরে বুধবার দুপুরে উভয় পক্ষের সমর্থকদের মাঝে আবারও বাকবিতণ্ডা থেকে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে-অপরের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আরও পড়ুন : আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।
জাহিদ হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দায়ীদের গ্রেফতারের চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































