ফাইল ছবি
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (২৭ মে) স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, নবজাতকদের আকস্মিক মৃত্যুর ঘটনায় কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় প্রতিকার নির্ধারণে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি করা হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা শাখার একজন যুগ্ম সচিবকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (আইন শাখা) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক (হাসপাতাল-১)।
আরও পড়ুন <<>> ৬ শিশুর মৃত্যু, নজরদারিতে আদ-দ্বীন হাসপাতালের কর্মকর্তারা
কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনে শিশুদের মৃত্যুর কারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় তুলে ধরতে হবে।
অফিস আদেশে আরও বলা হয়, তদন্তের প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।
আপন দেশ/এসএস




































