Apan Desh | আপন দেশ

আফগানিস্তানে নতুন করে পাকিস্তানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৯, ১৫ মার্চ ২০২৬

আফগানিস্তানে নতুন করে পাকিস্তানের হামলা

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে সামরিক স্থাপনা ও সন্ত্রাসীদের আস্তানাকে লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী বলছে, আফগান ভূখণ্ডে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে।

রোববার (১৫ মার্চ) রাতে দক্ষিণ এশিয়ার বৈরী দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার মধ্যেই সীমান্তসংলগ্ন আফগান ভূখণ্ডে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, কান্দাহার প্রদেশে আফগান তালেবান ও সন্ত্রাসীদের ব্যবহৃত প্রযুক্তিগত সহায়তা অবকাঠামো এবং একটি সরঞ্জাম মজুত কেন্দ্র ধ্বংস করা হয়েছে। পাশাপাশি পৃথক হামলায় কান্দাহারের একটি সুড়ঙ্গ ধ্বংস করা হয়। পাকিস্তানের দাবি, ওই সুড়ঙ্গে আফগান তালেবান ও নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রযুক্তিগত সরঞ্জাম ছিল।

পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার তাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের সমাধান না করা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে কান্দাহারের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রোববার রাতে শহরের আকাশে যুদ্ধবিমান উড়তে দেখেছেন এবং বিস্ফোরণের শব্দ শুনেছেন। একই সময়ে সীমান্তসংলগ্ন স্পিন বালদাক ও খোস্ত প্রদেশেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

তবে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এএফপিকে বলেন, পাকিস্তানি হামলায় কান্দাহারে একটি মাদক পুনর্বাসন কেন্দ্র ও একটি খালি কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাতে পাকিস্তানের তিনটি স্থানে আফগানিস্তান থেকে ড্রোন হামলার অভিযোগ ওঠার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তখন কাবুলকে সতর্ক করে বলেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে আফগানিস্তান ‘রেড লাইন’ অতিক্রম করেছে।

আরও পড়ুন<<>> মার্কিন নাগরিকদের দ্রুত সৌদি ছাড়ার নির্দেশ

তবে পাকিস্তানের দাবি, ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে। তাদের মতে, কান্দাহারের একটি কেন্দ্র থেকে এসব ড্রোন নিয়ন্ত্রণ করা হচ্ছিল এবং সেখান থেকেই সীমান্ত পেরিয়ে বিদ্রোহী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল।

গত কয়েক সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে হামলা-পাল্টা হামলায় উভয় পক্ষের অন্তত ৯৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে পাকিস্তানের ১৩ সৈন্য ও একজন বেসামরিক নাগরিক এবং আফগানিস্তানের ১৩ সৈন্য ও ৭২ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে আফগানিস্তানে ১৮৫ জন বেসামরিক হতাহত হয়েছেন এবং প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

এদিকে আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানিয়েছে ভারত। তবে ভারতের এ মন্তব্য প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি দাবি করেছেন, আফগান ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ভারত সমর্থন দিচ্ছে। তাই এসব গোষ্ঠীর ঘাঁটি ধ্বংস হওয়ায় ভারতের হতাশা স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়