ছবি: সংগৃহীত
আফগানিস্তানে চালানো সামরিক অভিযানে ২২৮ তালেবান সদস্য নিহত এবং ৩১৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেয়া এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ‘অপারেশন গজব লিল–হক’ নামের অভিযানে তালেবানের ৭৪টি কমান্ড পোস্ট ধ্বংস করা হয়েছে। এসময় ১৮ জনকে আটকও করা হয়।
এর আগে একই দিনে সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি ১৩৩ তালেবান যোদ্ধা নিহত এবং ২০০ জনের বেশি আহত হওয়ার তথ্য দিয়েছিলেন। পাকিস্তানের দাবি অনুযায়ী, তালেবানদের পাল্টা হামলায় দেশটিতে অন্তত ২৭ জন আহত হয়েছেন। তবে তালেবান সরকার জানিয়েছে, সংঘাতে তাদের আটজন যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
অন্যদিকে পাকিস্তানে হামলা চালিয়ে ৫৫ সেনা সদস্য নিহত করার দাবি করেছে তালেবান সরকার। আফগান সরকারের ভাষ্য অনুযায়ী, গত বুধবার ডুরান্ড লাইনসংলগ্ন আফগান–পাকিস্তান সীমান্তে পাকিস্তানি সামরিক অবস্থান লক্ষ্য করে বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালানো হয়। ওই হামলায় ৫৫ পাকিস্তানি সেনা নিহত হন বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন <<>> আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা, সৌদি-পাকিস্তানের আলোচনা
কয়েক মাসের উত্তেজনার পর আবারও সংঘাতে জড়িয়েছে প্রতিবেশী দুই মুসলিমপ্রধান দেশ আফগানিস্তান ও পাকিস্তান। গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। আফগানিস্তানে জাতিসংঘ মিশনের তথ্য অনুযায়ী, ওই হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হন। তবে ইসলামাবাদের দাবি, অভিযানে ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। অপরদিকে কাবুল ১৮ জন নিহত হওয়ার কথা জানায়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এর জবাবে আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক অবস্থানে হামলা চালায়। এতে দুই পাকিস্তানি সেনা নিহত হওয়ার তথ্য দেয় ইসলামাবাদ।
পরবর্তীতে রাতেই আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহার শহরে হামলা চালায় পাকিস্তান। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সামাজিকমাধ্যম এক্সে পোস্ট দিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার কথা জানান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































