তারকা ক্রিকেটার তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে অবদান রেখে আসছেন। কিন্তু সঠিক মূল্যায়ন বোধ হয় পাচ্ছিলেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশেষ করে সংস্থাটির সভাপতি নাজমূল হাসান পাপনের বৈরীতার শিকার হয়ে আসছেন তামিম। বিসিবির অভ্যন্তরের অনেকেই বলেন এ কথা।
২০২২ সালের ১৬ জুলাই হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন তামিম। এর পর থেকে শুধু টেস্ট আর ওয়ানডেই খেলছেন ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই বাঁহাতি ওপেনার।
চট্টগ্রামে জন্ম নেয়া এ ক্রিকেটার বর্তমানে ওয়ানডে দলের অধিনায়ক। সফররত আফগানিস্তানের বিপক্ষে বুধবার প্রথম ওয়ানডে খেলল বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বৃষ্টি আইনে আফগানিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ। এর মাঝে ওইদিনই রাতে গণমাধ্যমকর্মীদের অপ্রত্যাশিত সংবাদ সম্মেলন আয়োজনের কথা জানান তামিম। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে এ সংবাদ সম্মেলন হতে যাচ্ছে।
অনেকেই ধারণা করছেন হুট করে ডাকা এ সংবাদ সম্মেলনে বড় কোনো ঘোষণা আসতে পারে। তা হতে পারে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা। হতে পারে আরও বড় কিছু। তামিমের ঘনিষ্ঠজনরা বলছেন, তামিম এবার অভিমানে ক্রিকেটকেই বিদায় জানাতে পারেন।
বিসিবি ও ক্রীড়াঙ্গনের একাধিক সূত্র বলছে, তামিম অনেক দিন ক্রিকেটে অবহেলার শিকার হয়ে আসেছেন। এ নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ আছে তার। এ ক্ষোভের বিস্ফোরণ হতে পারে সংবাদ সম্মেলনে।
সূত্র বলছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের স্বেচ্ছাচারিতায় কোণঠাসা তামিম। দক্ষ এ ক্রিকেটার অবহেলিত ক্রিকেটে। এরই ফলে সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন ড্যাশিং এ ওপেনার!
গত কয়েক দিনের ঘটনাপ্রবাহই তামিমকে নিয়ে ওরকম অপ্রত্যাশিত ভাবনায় উসকানি দিচ্ছে। কোমরের পুরোনো চোট ফিরে আসায় মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে এবারের একমাত্র টেস্টটা তিনি খেলেননি। তবে ওয়ানডে সিরিজের আগে সুস্থ হয়ে উঠবেন, এমন আশা ছিল। পরে তামিমকে অধিনায়ক রেখেই ঘোষণা হয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল।
কিন্তু বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে আবারো আলোচনায় চলে আসে তামিমের কোমরের ব্যথা। পরশু সিরিজ–পূর্ব সংবাদ সম্মেলনে সে আলোচনা তুলে দেন তামিম নিজেই। বলেছেন, তিনি এখনো পুরোপুরি ফিট নন। তবে প্রথম ওয়ানডেটা খেলবেন, খেলেই বোঝার চেষ্টা করবেন তার ফিটনেস কোন পর্যায়ে আছে।
তামিমের এই বক্তব্য সংবাদমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান। একটি বাংলা দৈনিককে তিনি বলেন, ‘এটি তো আর পাড়া-মহল্লার ম্যাচ নয়। আন্তর্জাতিক একটি ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে সে ফিট না। কিন্তু খেলবে, খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে। এটা তো পেশাদার কোনো আচরণ হতে পারে না!’
সভাপতি জানিয়েছিলেন, তামিমের অমন বক্তব্যে কোচও ক্ষুব্ধ। ‘তামিমকে আসলে পরিষ্কার করে জানাতে হবে সে কী চায়। কোন পর্যায়ে আছে সে’—বলেছেন নাজমুল হাসান। এখানে উল্লেখ্য, বিভিন্ন সময় তামিমের চোট নিয়ে এরকম নেতিবাচক আলোচনা আগেও হয়েছে।
সূত্র জানিয়েছে, ম্যাচ চলাকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সেও ছিল তামিমের চোট আর ফিটনেস নিয়ে নেতিবাচক আলোচনার প্রবাহ। তামিম নিজেকে পুরোপুরি ফিট নন বলার পর প্রথম ওয়ানডের আগে টিম ম্যানেজমেন্ট থেকে তাকে বিশ্রামের পরামর্শ দেয়া হয়েছিল। যদিও কোনো সমস্যা ছাড়াই প্রথম ওয়ানডেতে খেলেছেন তামিম।
একটি সূত্র জানিয়েছে, বারবার তামিমের ফিটনেস নিয়ে আলোচনায় কিছুটা বিরক্ত বিসিবির একটা অংশ মনে করছে, বিশ্বকাপ সামনে রেখে অধিনায়কের এরকম অস্থিতিশীল অবস্থা দলের জন্য ভালো না–ও হতে পারে। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের আগে আছে এশিয়া কাপ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ। এরকম পরিস্থিতিতে তামিমকে আর ওয়ানডে অধিনায়ক রাখা যায় কিনা, তা নিয়ে দুই রকম আলোচনাই আছে বোর্ডে। অনেকে তো সম্ভাব্য নতুন অধিনায়কের নামও বলে দিচ্ছেন— সাকিব আল হাসান।
বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক অবশ্য তামিমকে নিয়ে সব নেতিবাচক আলোচনাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘বিশ্বকাপ পর্যন্ত তামিমই ওয়ানডে দলের অধিনায়ক, এই সিদ্ধান্ত এখনো ভালোভাবেই বহাল আছে। আমরা বিকল্প কিছু ভাবছি না। অন্য যা শুনছেন সবই গুজব।’
কিন্তু বিসিবি যদি তামিমকে অধিনায়ক চায়ও, তামিম নিজে আর এই দায়িত্বে থাকতে চান কিনা, সেটিও একটি প্রশ্ন। সব প্রশ্নের উত্তর মিলতে পারে সংবাদ সম্মেলনে। আমরা হয়তো আর তামিম ঝড় দেখব না। আর সবকিছু যদি গুজব হয় তবে ক্রিকেটের লাভই হবে? তবে কী থাকবে সংবাদ সম্মেলনে?
আপন দেশ/আরএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































