ফাইল ছবি
বিমা কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) নিয়োগে নতুন নির্দেশনা এসেছে। এ পদে নিয়োগের জন্য নির্দিষ্ট শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা থাকতে হবে। নিয়োগের আগে কর্তৃপক্ষের অনুমোদনও নিতে হবে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ নির্দেশনা দিয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) এ সংক্রান্ত জিডি সার্কুলার জারি করেছে আইডিআরএ। সার্কুলারটি অবিলম্বে কার্যকর হবে।
নির্দেশনায় বলা হয়েছে, বিমা কোম্পানির সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করতে যোগ্য সিএফও নিয়োগ জরুরি। বিমা আইন অনুযায়ী এ নির্দেশনা দেয়া হয়েছে।
সার্কুলার অনুযায়ী, সিএফও পদে নিয়োগের জন্য কয়েকটি স্বীকৃত পেশাগত যোগ্যতার যেকোনো একটি থাকতে হবে। এর মধ্যে রয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ফেলো বা অ্যাসোসিয়েট সদস্যপদ। একই যোগ্যতা থাকতে পারে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের (আইসিএইডব্লিউ)।
এছাড়া যুক্তরাষ্ট্র বা কানাডার সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস (সিপিএ) সনদধারীরাও এ পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। যুক্তরাজ্যের অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টসের (এসিসিএ) ফেলো বা অ্যাসোসিয়েট সদস্যরাও আবেদন করতে পারবেন। পাশাপাশি আইসিএমএবির ফেলো বা অ্যাসোসিয়েট সদস্যরাও এ পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। যুক্তরাষ্ট্রের চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) সনদধারীরাও যোগ্য হবেন।
বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশ থেকে হিসাববিজ্ঞানে পেশাগত যোগ্যতা অর্জন করলেও আবেদন করা যাবে। তবে সে সনদ আইসিএবি বা আইসিএমএবি কর্তৃক স্বীকৃত হতে হবে।
আরও পড়ুন <<>> চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম
সার্কুলারে বলা হয়েছে, নতুন সিএফও নিয়োগের আগে বিমা কোম্পানিকে প্রার্থীর বিস্তারিত যোগ্যতা ও অভিজ্ঞতার তথ্যসহ আইডিআরএর কাছে আবেদন করতে হবে। কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর নিয়োগ কার্যকর হবে।
বর্তমানে কর্মরত সিএফওদের ক্ষেত্রেও নির্দেশনা দেয়া হয়েছে। তাদের নির্ধারিত যোগ্যতা থাকলে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় অনুমোদনের জন্য আবেদন করতে হবে।
আর বর্তমান সিএফওর নির্ধারিত যোগ্যতা না থাকলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিতে হবে। এ ক্ষেত্রে সার্কুলারে উল্লেখিত নিয়োগপ্রক্রিয়া অনুসরণ করতে হবে। নির্দেশনাটি দেশের সব জীবনবিমা ও সাধারণ বিমা কোম্পানির জন্য প্রযোজ্য।
আপন দেশ/কেএম/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































