হঠাৎ ব্যক্তিগত উদ্যোগে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
বৃহস্পতিবার (৬ জুলাই) টাইগারদের দলীয় অনুশীলন না থাকায় এদিন সংবাদমাধ্যমের সামনে কারও আসারই কথা নয়। অথচ আজই কৌতূহল জাগানিয়া সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন তামিম।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের তামিম জানান, দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে কিছু জানাবেন তিনি। তবে কি বিষয়ে ওয়ানডে অধিনায়কের এই আকস্মিক সংবাদ সম্মেলন সেটি জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিতে পারেন তামিম। তবে এই ঘোষণাও যদি না দেন তামিম, তাহলে সংবাদ সম্মেলনে কী নিয়ে কথা বলবেন ওয়ানডে অধিনায়ক সেটি নিয়ে রয়েছে কৌতূহল।
কারও কারও জল্পনাকল্পনা তো এই পর্যায়ে চলে গেছে যে তামিম নাকি ঘোষণা দিয়ে দিতে পারেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের! আর যদি এর কোনোটাই না হয়, তাহলে তো কী বলবেন তামিম, প্রশ্নটা নিয়ে কৌতূহল আরও চরম আকারই ধারণ করে।
এর আগে ২০২২ সালের ১৬ জুলাই হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন তামিম। এর পর থেকে শুধু টেস্ট আর ওয়ানডেই খেলছেন ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই বাঁহাতি ওপেনার।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































