Apan Desh | আপন দেশ

বাকুর মঞ্চে গর্ডন ঝলকে বার্সার সহজ জয়

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪৫, ২৬ নভেম্বর ২০২৬

বাকুর মঞ্চে গর্ডন ঝলকে বার্সার সহজ জয়

ছবি : সংগৃহীত

আজারবাইজানের রাজধানী বাকু যেন অ্যান্থনি গর্ডনের জন্য পরিচিত এক মঞ্চ; গত মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের জার্সিতে কারাবাগের জালে চার গোল করা এই ইংলিশ ফরোয়ার্ড এবার বার্সেলোনার হয়েও জ্বলে উঠলেন ঠিক একই শহরে। তার জোড়া গোলের সুবাদে উয়েফা চ্যাম্পিয়নস লিগে সাবাহ এফকে-কে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে হানসি ফ্লিকের দল। 

চোটের কারণে স্কোয়াডে না থাকা লামিন ইয়ামাল ও বিশ্রামে থাকা রাফিনহাহীন বার্সেলোনা লিগ পর্বে পাঁচ ম্যাচে চতুর্থ জয় তুলে নিয়ে সরাসরি শেষ ষোলোতে (শীর্ষ আট) ওঠার লড়াইয়ে অবস্থান আরও মজবুত করল।

বাকু অলিম্পিক স্টেডিয়ামে গতকাল বুধবার রাতের ম্যাচটিতে শুরুতে কিছুটা ভুগতে হয়েছিল বার্সেলোনাকে; ইভান লেপিনিৎসার লুপ শট ক্রসবারে না লাগলে উল্টো পিছিয়েই পড়তে পারত কাতালানরা। তবে ৩১তম মিনিটে ইয়ামালের জায়গায় সুযোগ পাওয়া করিম আদেইয়েমির ক্রস সাবাহ গোলরক্ষক স্তাস পোকাতিলভ ঠিকমতো ফেরাতে না পারলে ছয় গজ বক্সের প্রান্ত থেকে আলতো টোকায় বার্সাকে এগিয়ে দেন গর্ডন। 

বিরতির আগে জেসুসের অফসাইডের কারণে গর্ডনের আরেকটি গোল বাতিল হলেও দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটেই নিজের জোড়া গোল পূর্ণ করেন ৭ কোটি ইউরোয় গ্রীষ্মে বার্সায় যোগ দেওয়া এই তারকা; গ্যাব্রিয়েল জেসুসের শট গোলরক্ষক রুখে দিলে ফিরতি বলে লক্ষ্যভেদ করেন তিনি।

আরও পড়ুন <> পোশাকশ্রমিকদের বেতন ফের সমন্বয়ের আজ বৈঠকে বসছে মজুরি বোর্ড

এর পরের ১০ মিনিটের মধ্যেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ৫৫তম মিনিটে আলেহান্দ্রো বালদের ক্রস থেকে আদেইয়েমি ব্যবধান ৩-০ করেন এবং ৬০তম মিনিটে জুলস কুন্দের হেড গোলরক্ষক প্রতিহত করলে গোললাইনের কাছ থেকে বল জালে জড়িয়ে দেন জেসুস।

প্রিয় শহরে আরেকটি স্মরণীয় রাত কাটানোর পর হ্যাটট্রিক মিসের আক্ষেপ থাকলেও নিজের উচ্ছ্বাস লুকাননি ২৫ বছর বয়সী গর্ডন। ম্যাচ শেষে সম্প্রচারমাধ্যম ‘মোভিস্টার’-কে গর্ডন বলেন, এটি আমার জন্য খুবই বিশেষ একটি জায়গা। 

আমার আবারও হ্যাটট্রিক করা উচিত ছিল, কিন্তু আরেকটি গোল করার দারুণ একটি সুযোগ মিস করেছি। আমি সত্যিই খুব খুশি এবং বাকুতে সময়টা দারুণ উপভোগ করছি। অবশ্যই আমি আবার এখানে আসতে চাই; যতবারই আসি, গোল পাই। আশা করি খুব শিগগিরই আবার ফেরা হবে!

আর্সেনাল ছেড়ে বার্সায় আসার পর বিরল শুরুর একাদশে সুযোগ পেয়ে চলতি মৌসুমে ৩৭৬ মিনিট খেলে ৫ গোল পূর্ণ করলেও নিজের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন গ্যাব্রিয়েল জেসুস। 

তিনি বলেন, গত কয়েকটি ম্যাচে আমি খেলিনি, তাই মাঠে নেমে মানিয়ে নেওয়া সহজ নয়, যদিও দল ভালো খেলেছে। গোল পেয়ে আমি খুশি, স্ট্রাইকারদের জন্য গোল পাওয়া সব সময়ই ভালো, তবে আমি আমার ব্যক্তিগত পারফরম্যান্সে সন্তুষ্ট নই। আমি নিজের পরিস্থিতি বুঝি, রাফিনিহা দারুণ খেলছে, প্রতি ম্যাচে গোল করছে এবং দলের জন্য সে ভীষণ গুরুত্বপূর্ণ। না খেলা নিয়ে আমার কোনো অভিযোগ নেই; আজ গোল করতে পেরে ভালো লেগেছে এবং আমি আরও বেশি মিনিট ও সুযোগ পেতে চাই।

ম্যাচের শেষ দিকে ক্রিস্টিয়ান এনওয়াচুকুউয়ের পাস থেকে জয়-ল্যান্স মিকেলস সাবাহর হয়ে একটি সান্ত্বনাসূচক গোল শোধ দিলে টানা দ্বিতীয় ম্যাচে ক্লিন শিট রাখার সুযোগ হারায় বার্সেলোনা। বড় জয়ের পরও দলের ভুলত্রুটি ও গোল হজমের ধরন নিয়ে তাই খানিকটা অসন্তোষ প্রকাশ করেছেন কোচ হানসি ফ্লিক।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, জয় নিয়ে আমি খুশি, এখানে খেলা সাধারণত সহজ নয়। প্রথমার্ধে আমাদের বল দখল ৭০ শতাংশ বা তার বেশি ছিল, তবে আমরা যে ভুলগুলো করেছি কেবল সেটুকুতেই আমি অখুশি, আমরা এভাবে খেলতে চাই না। যেভাবে গোলটি হজম করেছি তাতেও আমি সন্তুষ্ট নই, এই পর্যায়ে এমন ভুল করা চলে না।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আ.লীগকে বিলুপ্ত-সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট ষড়যন্ত্রে জড়িত পুলিশ সদস্যরা কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হলো ভোটের মাধ্যমে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ফুটবলের রাজপুত্রের বিদায়ের ৬ বছর বড় জয়ে সিংহাসনে বসলেন ভিনি-এমবাপ্পেরা সন্তান-সংসার সামলে যেভাবে ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো