Apan Desh | আপন দেশ

ব্র্যাডম্যানকে ছাড়িয়ে মুশফিকের ইতিহাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৯, ৯ নভেম্বর ২০২৬

ব্র্যাডম্যানকে ছাড়িয়ে মুশফিকের ইতিহাস

ছবি: আপন দেশ

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। একই সঙ্গে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকেও।

ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে চোটের কারণে খেলা হয়নি মুশফিকের। সিলেটে দ্বিতীয় টেস্টে ফিরলেও প্রথম ইনিংসে ব্যাট হাতে খুব বেশি সুবিধা করতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই গড়েছেন অনন্য এ কীর্তি।

২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। অভিষেক ম্যাচের দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ১৯ ও ৩ রান। এরপর দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

সিলেট টেস্টে সাত হাজার রান থেকে ৪৩ রান দূরে ছিলেন মুশফিক। প্রথম ইনিংসে করেন ৩৪ রান। ফলে ঐতিহাসিক মাইলফলক ছুঁতে দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল মাত্র ৯ রান। 

পঞ্চম দিনের ২০তম ওভারে জোমেল ওয়ারিকানের বলে মিড অনে ঠেলে দিয়ে এক রান নেওয়ার মধ্য দিয়ে সাত হাজারি ক্লাবে প্রবেশ করেন এই অভিজ্ঞ ব্যাটার।

আরও পড়ুন <> ঢাকায় হামজা, সন্ধ্যায় আসছেন ফারহান

১০৭ টেস্টের ১৯৭তম ইনিংসে এই কীর্তি গড়লেন মুশফিক। এখন পর্যন্ত তার নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি ফিফটি।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মুশফিকের পরেই রয়েছেন মুমিনুল হক। তার সংগ্রহ ৫ হাজার ২৯৩ রান। মুশফিকের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস অপরাজিত ২১৯ রান।

টেস্ট ইতিহাসে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করা ৫৯তম ব্যাটার মুশফিক। এ পথে তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানকে, যার টেস্ট রান ৬ হাজার ৯৯৬। বর্তমানে মুশফিকের ঠিক ওপরে রয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস, যার সংগ্রহ ৭ হাজার ৩৭ রান।

বাংলাদেশের ক্রিকেটে একের পর এক ইতিহাস গড়া মুশফিকের জন্য সাত হাজার রানের এ অর্জন নিঃসন্দেহে ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়