Apan Desh | আপন দেশ

৪৪৩ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:২১, ১২ অক্টোবর ২০২৬

৪৪৩ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের পর লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজের ব্যাটে আবুধাবি টেস্টে চালকের আসনে বসে গেছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের চতুর্থ দিনে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৬ উইকেটে ৩০০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফলে তাদের লিড দাঁড়িয়েছে ৪৪৩ রান। 

টেস্ট ক্যারিয়ারের ২১তম হাফসেঞ্চুরি তুলে নিয়ে ৮১ রানে অপরাজিত আছেন লিটন দাস। অপর প্রান্তে ৩৮ রানে ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ। 

সোমবার (১২ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগের দিনের ৬ উইকেট ২২৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলো শুরু করে টাইগাররা।

এর আগে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয় আফগানিস্তান। ফলে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ।

আফগানিস্তানের ইনিংসে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। সেঞ্চুরি হাঁকিয়েছেন রহমত শাহ। ২১৬ বলে ১০ চার আর ২ ছক্কায় ১০৫ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি।

তৃতীয় দিনের সকালেই আফগানদের কোণঠাসা করে দিয়েছে বাংলাদেশ। এবাদত হোসেন আর হাসান মাহমুদের তোপে ১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়েছে আফগানরা। এর মধ্যে হাসান মাহমুদ করে বসেছেন হ্যাটট্রিক।

আরও পড়ুন<<>>মুশি-শান্তর দাপটে চালকের আসনে বাংলাদেশ

দিনের তৃতীয় ওভারে আঘাত হানেন এবাদত হোসেন। ইকরাম আলি খিলকে (৩২) পরিষ্কার বোল্ড করে দেন তিনি।

পরের ওভারে টানা দুই বলে দুই উইকেট হাসান মাহমুদের। দুর্দান্ত এক ডেলিভারিতে ইসমত আলমের (১) অফস্টাম্প উপড়ে দেন এই পেসার। পরের বলে সুইংয়ে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ কায়েস আহমেদ (০)।

হ্যাটট্রিক বলে হয় নাটক। আফগান ব্যাটার জিয়াউর রহমানের ব্যাটের পাশ দিয়ে বল জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে। আবেদন করে বাংলাদেশ। কিন্তু আম্পায়ার সেটা নাকচ করে দেন।

রিভিউ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিভিউতে দেখা যায়, বল ব্যাটে না লাগলেও প্যাডে লেগেছে আর আঘাত হানতো অফস্টাম্পে। এলবিডব্লিউ জিয়াউর রহমান। হ্যাটট্রিকের আনন্দে মাতেন হাসান মাহমুদ।

এরপর ইয়ামিন আহমেদজাইকে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে ফাইফারও পূর্ণ করেন হাসান। টেস্টে এটি তার চতুর্থ ফাইফার বা পাঁচ উইকেট শিকার।

হাসান মাহমুদ ৫৫ রানে নেন ৫টি উইকেট। আরেক পেসার এবাদত হোসেন ৫৬ রানে শিকার করেন ৪টি। একটি উইকেট মেহেদী হাসান মিরাজের।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়