Apan Desh | আপন দেশ

মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী: হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৬, ১০ অক্টোবর ২০২৬

মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী: হুমায়ুন কবির

ছবি: আপন দেশ

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। 

তিনি বলেছেন, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজন হলে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের দায়িত্বশীল অবস্থানের বিষয়টিও নতুন করে সামনে এনেছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি।

ইসলামের পুণ্যভূমি মক্কা ও মদিনা শরিফের নিরাপত্তা প্রসঙ্গে সরকারের দৃঢ় অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের কোনো ধরনের আপস নেই। পবিত্র এই ভূমি যদি কখনো আক্রান্ত বা হুমকির মুখে পড়ে, তবে প্রয়োজনীয় যে কোনো ধরনের নিরাপত্তা ও সার্বিক সহায়তা দিতে ঢাকা সর্বাত্মক প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন <> সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্দী আমিন

তিনি আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘদিনের গৌরবোজ্জ্বল ও পেশাদার অভিজ্ঞতা রয়েছে। সৌদি আরবের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সক্রিয় ভূমিকা পালনে বাংলাদেশের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের ভিত্তি হওয়া উচিত বিনিয়োগ। বাংলাদেশে বিনিয়োগের জন্য স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা হয়েছে। সৌদি আরবের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দ্বিতীয় অগ্রাধিকার শ্রমবাজার। দেশটিতে দক্ষ শ্রমিক পাঠাতে আগ্রহী বাংলাদেশ।

হুমায়ুন কবির বলেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি হবে বিশ্বাস ও আস্থা। বাংলাদেশ অন্য দেশের ওপর নির্ভরশীল হতে চায় না, বরং বিনিয়োগের অংশীদার হতে চায়। দেশে বিনিয়োগের জন্য স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা হয়েছে। এ ক্ষেত্রে সৌদি আরবের বিনিয়োগ প্রত্যাশা করে ঢাকা।

আরও পড়ুন <> প্রশ্নফাঁসে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা, হতাশ চাকরিপ্রার্থীরা

শান্তি রক্ষায় ভূমিকা রাখার সুযোগ থাকলে মক্কায় যোগ দেয়ার বিষয়টি সরকার বিবেচনা করবে বলেও জানান তিনি।

এদিকে, আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফরে বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়