Apan Desh | আপন দেশ

সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন সোবহানা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩১, ১১ অক্টোবর ২০২৬

সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন সোবহানা

ছবি: আপন দেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমে দ্বিতীয় ওয়ানডেতেই ঘুরে দাঁড়াল বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

ব্যাটিং বিপর্যয় সামলে ৬ উইকেটে ২২০ রান করেছে নিগার সুলতানা জ্যোতির দল, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

রোববার (১১ অক্টোবর) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। চতুর্থ ওভারে ১৩ বল খেলে শূন্য রানে ফেরেন ফারজানা। প্রথম আট ওভারের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। সেখান থেকে হাল ধরেন সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা।

দারুণ ব্যাটিংয়ে ৬৬ বলে ফিফটি পূরণ করেন মোস্তারি। এরপর ১২৩ বলে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেন তিনি। এটি তার ক্যারিয়ারেরও প্রথম শতক। ৮ রানে ৩ উইকেট হারানোর পর মোস্তারি ও নিগার গড়েন ১৯৫ রানের জুটি, যা ব্রিসবেনের মাঠে নারী ওয়ানডেতে সর্বোচ্চ রানের জুটি।

আরও পড়ুন <> হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

শেষ পর্যন্ত ১৩৪ বলে ১১৮ রান করে বোল্ড হন মোস্তারি। বাংলাদেশের নারী দলের হয়ে ওয়ানডেতে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আগের রেকর্ডটি ছিল ফারজানা হকের ১০৭ রান। সব মিলিয়ে বাংলাদেশের চতুর্থ নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি করলেন মোস্তারি।

অন্য প্রান্তে নিগার অপরাজিত থাকেন ১১৪ বলে ৭৪ রান করে। তবে প্রয়োজনের সময় রানের গতি বাড়াতে না পারায় তার ইনিংস কিছুটা ধীর ছিল।

অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন মেগান শুট। একটি উইকেট পান গার্থ।

নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে টাইগ্রেসরা।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়