ছবি : সংগৃহীত
দেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা এত দিন ধরা-ছোঁয়ার বাইরে ছিল, সেটিই এবার সত্যি করে দেখালেন হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) আবুধাবিতে টেস্টের তৃতীয় দিনের সকালে পরপর তিন বলে তিন উইকেট তুলে নিয়ে বিরল এক কীর্তি গড়েছেন হাসান মাহমুদ। তার বিধ্বংসী বোলিংয়ে মুহূর্তেই পাল্টে গেছে ম্যাচের চিত্র। যে আফগানিস্তান আগের দিন শেষ করেছিল ৪ উইকেটে ২১৭ রান নিয়ে, তারাই তৃতীয় দিনের শুরুতে মাত্র ১ রানের ব্যবধানে হারাল ৪ উইকেট।
দিনের শুরুতে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আফগানিস্তানের ব্যাটিংয়ের গতি থামানো। সে কাজটিই দুর্দান্তভাবে করলেন হাসান। ইনিংসের ৮৩তম ওভারে নিজের টানা তিন বলে তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এ ডানহাতি পেসার। প্রথমে বোল্ড করেন ইসমত আলমকে। পরের বলে কায়েস আহমেদের ব্যাটের কানায় লাগা বল দারুণ দক্ষতায় তালুবন্দী করেন উইকেটকিপার লিটন দাস। এরপর জিয়া উর রেহমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেই পূর্ণ করেন ঐতিহাসিক হ্যাটট্রিক।
তবে শেষ উইকেটটি পেতে কিছুটা অপেক্ষা করতে হয়েছে হাসানকে। জিয়া উর রেহমানের প্যাডে বল লাগার পর জোরালো আবেদন করলেও তাতে সাড়া দেননি আম্পায়ার। সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে রিভিউ নেয়ার সাহসী সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিপ্লেতে দেখা যায়, বল আঘাত করত অফ স্টাম্পের ওপরের অংশে। বদলে যায় আম্পায়ারের সিদ্ধান্ত, আর তাতেই ইতিহাসের পাতায় জায়গা করে নেন হাসান মাহমুদ।
আরও পড়ুন<<>>সাড়ে তিনশ’ করতে পারল না বাংলাদেশ
এ হ্যাটট্রিকের মধ্য দিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন হাসান। ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে পেশোয়ার টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করেছিলেন অলক কাপালি। এক দশক পর, ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সে কীর্তি গড়েন সোহাগ গাজী। তাদের দুজনের পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান। তবে তার অর্জনের বিশেষত্ব অন্য জায়গায়। অলক কাপালি ও সোহাগ গাজী দুজনই ছিলেন স্পিনার। হাসানই বাংলাদেশের প্রথম পেসার, যিনি টেস্টে টানা তিন বলে তিন উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন।
হাসানের এ ঝলকে কার্যত ছন্দ হারিয়ে ফেলেছে আফগানিস্তান। দ্বিতীয় দিন ২১৭ রানে ৪ উইকেট হারানো দলটি তৃতীয় দিনের সকালে স্কোরবোর্ডে মাত্র চার রান যোগ করতেই হারিয়েছে আরও চার ব্যাটসম্যানকে। প্রতিবেদন লেখার সময় আফগানিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ২২১ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের তুলনায় এখনো ১২৫ রানে পিছিয়ে রয়েছে তারা।
একটি রিভিউ, তিনটি বল আর তিনটি উইকেট-আবুধাবির সকালে এ তিনের সমন্বয়েই রচিত হলো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের নতুন ইতিহাস। হাসান মাহমুদের হ্যাটট্রিক শুধু ব্যক্তিগত অর্জন নয়, ম্যাচের নিয়ন্ত্রণও এনে দিয়েছে বাংলাদেশকে। এখন এ সাফল্যকে বড় লিডে রূপ দেয়ার অপেক্ষা! আবুধাবির সকালে হাসান মাহমুদ যে ইতিহাস গড়েছেন, সেটিকে বড় দলীয় সাফল্যে রূপ দেয়ার সুযোগ এখন বাংলাদেশের।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































