ছবি : সংগৃহীত
মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডের ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছিল। কিন্তু সে জয়ের রেশ কাটতে না কাটতেই দুঃসংবাদ এল ইংলিশ শিবিরে। উদযাপন করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন দলের অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। এ ইনজুরির কারণে তার বিশ্বকাপ মিশন এখানেই শেষ হতে যাচ্ছে।
ম্যাচ শেষে জর্ডান হেন্ডারসন জয় উদযাপনের আগে সংবাদমাধ্যমকে উচ্ছ্বসিত কণ্ঠে বলেছিলেন, আজটেকার উদ্দীপনা অবিশ্বাস্য এবং মেক্সিকো আমাদের শেষ সীমা পর্যন্ত ঠেলে দিয়েছিল। কিন্তু আমরা কোনো অজুহাত ছাড়াই এসেছিলাম এবং ঐতিহাসিক জয় অর্জন করেছি।
কিন্তু এই আনন্দের মুহূর্তটি স্থায়ী হয়নি বেশিক্ষণ। জয়ের পর গ্যালারির ভক্তদের সঙ্গে উদযাপন করে ফেরার সময় বিজ্ঞাপন বোর্ডের ওপর দিয়ে লাফ দিতে গিয়েই ঘটে বিপত্তি। মাটিতে পড়ার সময় বেকায়দায় পড়ে আঘাত পান তিনি। যন্ত্রণায় কাতরাতে থাকা হেন্ডারসনকে দেখে মাঠের সতীর্থদের মধ্যে নেমে আসে আতঙ্ক।
আরও পড়ুন<<>> স্পেন-পর্তুগালের খেলা দেখবেন যেভাবে
দ্রুত দলের চিকিৎসাকর্মীরা মাঠে ছুটে আসেন এবং প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। দলের প্রতিনিধি পরবর্তীতে নিশ্চিত করেছেন যে, এক্স-রে রিপোর্টে হেন্ডারসনের কব্জিতে ফাটল ধরা পড়েছে। এ চোটের কারণে তিনি দলের সাথে কানসাস সিটিতে ফিরতে পারছেন না; বরং চিকিৎসার জন্য তাকে আপাতত মেক্সিকোতেই থাকতে হচ্ছে।
নিজের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপে অংশ নিলেও হেন্ডারসনের এবারের যাত্রা ছিল খুবই সংক্ষিপ্ত। থমাস টুখেলের অধীনে পানামার বিপক্ষে মাত্র ৬ মিনিট মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তিনি। আগামী ১১ জুলাই বাংলাদেশ সময় রাত ৩টায় মায়ামিতে কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হবে ইংল্যান্ড। সে গুরুত্বপূর্ণ ম্যাচে ইংলিশরা টিকে থাকলেও হেন্ডারসনের জন্য বিশ্বকাপের দুয়ার এখানেই বন্ধ হয়ে গেল।
আপন/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































