Apan Desh | আপন দেশ

শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের ধর্মঘট

পিরোজপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:২৮, ৬ জুলাই ২০২৬

শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের ধর্মঘট

ছবি: আপন দেশ

দুই দফা দাবিতে বাংলাদেশ ডাক বিভাগের আওতাধীন দেশের সব শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।

সোমবার (০৬ জুলাই) থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে দেশের প্রায় ৮ হাজার ৫০০টি শাখা ডাকঘরের প্রায় ২৩ হাজার ২১ জন কর্মচারী অংশ নিয়েছেন।

জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ডাক বিভাগের ৮ হাজার ৫০০টি শাখা ডাকঘরের শাখা রয়েছে। এতে মোট ২৩ হাজার ২১ জন কর্মচারী কর্মরত রয়েছেন। অথচ এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও তারা অত্যন্ত সামান্য সম্মানী ভাতা পান। যা দেশের নিম্নতম বেতনভুক্ত অনেক কর্মচারীর পারিশ্রমিকের চেয়েও কম বলে দাবি তাদের। 

আরও পড়ুন<<>>পাহাড় ধসের শঙ্কা, জেলা প্রশাসনের মাইকিং

ধর্মঘটরত কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনের মাধ্যমে দাবি জানিয়ে আসছেন। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে শাখা ডাকঘরের হাজারও কর্মচারী মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

পিরোজপুর জেলার বিভিন্ন শাখা ডাকঘর ঘুরে দেখা গেছে, কর্মচারীরা ধর্মঘট পালন করছেন। এতে ডাকসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শাখা পোস্টমাস্টার বলেন, আমরা ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করি। একটি সরকারি ডাকঘরে যেসব কাজ করা হয়, তার প্রায় সবই আমাদের করতে হয়। অথচ ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশের বেতনের চেয়েও আমাদের সম্মানী ভাতা কম। এটি অত্যন্ত অযৌক্তিক ও বৈষম্যমূলক।

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, দুই দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত থাকবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়