Apan Desh | আপন দেশ

সোনার গয়না পরিষ্কারের ঘরোয়া উপায়

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২২:৫০, ৩০ জুন ২০২৬

আপডেট: ১৬:৪৫, ১ জুলাই ২০২৬

সোনার গয়না পরিষ্কারের ঘরোয়া উপায়

ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম। ফলে নতুন স্বর্ণালঙ্কার কেনা অনেকের জন্যই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই পুরোনো গয়নার যত্ন নিয়ে নতুনের মতো ঝকঝকে রাখাই হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান।

বিশেষজ্ঞদের মতে, ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই সহজে স্বর্ণালঙ্কারের উজ্জ্বলতা ফিরিয়ে আনা সম্ভব।

দীর্ঘদিন ব্যবহারের ফলে গয়নার ওপর ধুলো, ঘাম, তেল, প্রসাধনী ও পারফিউমের আস্তরণ জমে স্বাভাবিক জেল্লা কমে যায়। তবে এতে সোনা নষ্ট হয় না। সঠিকভাবে পরিষ্কার করলেই অনেকটাই আগের মতো উজ্জ্বল হয়ে ওঠে।

সবচেয়ে সহজ উপায় হলো সাধারণ সাদা টুথপেস্ট ব্যবহার করা। নরম কাপড়ে অল্প টুথপেস্ট নিয়ে আলতোভাবে গয়নার ওপর ঘষে কুসুম গরম পানিতে ধুয়ে শুকিয়ে নিলেই ভালো ফল পাওয়া যায়। তবে অতিরিক্ত চাপ দিয়ে ঘষা থেকে বিরত থাকতে হবে।

ময়লা বেশি জমে থাকলে বেকিং সোডার পেস্টও ব্যবহার করা যেতে পারে। সামান্য কুসুম গরম পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করে নরম ব্রাশ দিয়ে লাগিয়ে কয়েক মিনিট রেখে ধুয়ে ফেললে জমে থাকা ময়লা দূর হয়।

আরও পড়ুন <<>> বয়স বাড়লে বন্ধু হারিয়ে যায় কেন?

এছাড়া কুসুম গরম পানির সঙ্গে অল্প পরিমাণ লিকুইড ডিশ সোপ মিশিয়ে গয়না কয়েক মিনিট ভিজিয়ে রেখে নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করলেও ভালো ফল মেলে। কর্নফ্লাওয়ার ও ভিনেগারের পেস্টও কিছু ক্ষেত্রে কার্যকর হতে পারে।

তবে আংটি বা কানের দুলে মূল্যবান পাথর বসানো থাকলে পরিষ্কারের সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। পাথরের ওপর সরাসরি ব্রাশ ব্যবহার না করাই ভালো। একই সঙ্গে শক্তিশালী রাসায়নিক বা কড়া ক্লিনার ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিনের জমে থাকা ময়লা বা মূল্যবান রত্নখচিত গয়না পরিষ্কারের ক্ষেত্রে অভিজ্ঞ জুয়েলার্সের সহায়তা নেয়াই সবচেয়ে নিরাপদ।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়