ছবি : আপন দেশ
বাংলাদেশের সীমান্তসংলগ্ন ৩টি এলাকায় পরপর তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
সোমবার (২৯ জুন) ভোর ৪-৫টার কিছু পরের মধ্যে ভারতের মণিপুর, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ে এসব ভূকম্পন আঘাত হানে।
ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় ভোর ৪টা ১৩ মিনিটে মণিপুর রাজ্যের কাংপোকপি এলাকায় ৩ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৯ কিলোমিটার গভীরে।
এর পাঁচ মিনিট পর, অর্থাৎ বাংলাদেশ সময় ভোর ৪টা ১৮ মিনিটে ভারতের অরুণাচল প্রদেশ ও ভুটানের সীমান্তবর্তী এলাকায় আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩ এবং উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৭ কিলোমিটার।
তৃতীয় ভূমিকম্পটি বাংলাদেশের আরও কাছাকাছি ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম খাসি পাহাড় এলাকায় আঘাত হানে। বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৯। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
এর কয়েক ঘণ্টা আগেই, বাংলাদেশ সময় রোববার (২৮ জুন) রাত ১টা ৪০ মিনিটে ভারতের অরুণাচল প্রদেশে ৩ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
এ ছাড়া, সোমবার ভোরে মণিপুরের যে এলাকায় ভূমিকম্প হয়েছে, তার অদূরেই রোববার সন্ধ্যা ৬টার দিকে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল। তাৎক্ষণিক এসব ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































