ছবি সংগৃহীত
৮৭ হাজারের বেশি দর্শকে ঠাসা গ্যালারি। স্টেডিয়াম তো নয়, যেন এক মেক্সিকোর দুর্গ। আর সে দুর্গে পেনাল্টি, লাল কার্ড, উত্তেজনাময় শ্বাসরুদ্ধকর ফুটবল ম্যাচের সাক্ষী হলো মেক্সিকোর ঐতিহাসিক এজতেকা। এমন উত্তাপের মধ্যেই দশ জনের দলে পরিনত হয় ইংল্যান্ড। তবে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে ১০ জনের দল নিয়েই রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা।
এদিন শুরুতে ইংল্যান্ডকে চাপে রাখে মেক্সিকো। একের পর এক আক্রমণে ইংলিশ রক্ষণকে ব্যস্ত রাখলেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। বরং খেলার ধারার বিপরীতে মাত্র ৯০ সেকেন্ডের ব্যবধানে দুইবার জাল খুঁজে নেন বেলিংহ্যাম। এতে হঠাৎ করেই ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় ইংল্যান্ড।
তবে মেক্সিকো দ্রুতই ম্যাচে ফিরে আসে। বিরতির আগে কুইনোনেস গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করেন। ফলে দ্বিতীয়ার্ধে জমে ওঠে লড়াই।
এরপর ইংল্যান্ডের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। ডিফেন্ডার এজরি কনসা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। কিন্তু সেখানেও হাল ছাড়েনি তারা। আক্রমণে উঠে অ্যান্থনি গর্ডন পেনাল্টি আদায় করে নেন, আর সে সুযোগ থেকে হ্যারি কেইন গোল করে ইংল্যান্ডকে আবারও দুই গোলের ব্যবধানে এগিয়ে দেন।
আরও পড়ুন<<>>ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা থামিয়ে শেষ আটে নরওয়ে
তবে নাটক তখনও বাকি। কিছুক্ষণ পর ইংল্যান্ডের বিপক্ষে পেনাল্টি পায় মেক্সিকো। রাউল হিমেনেজ স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমিয়ে ৩-২ করেন। এরপর ম্যাচের শেষ সময়টা ছিল পুরোপুরি মেক্সিকোর আক্রমণ বনাম ইংল্যান্ডের রক্ষণ লড়াই।
অতিরিক্ত সময়ের একেবারে শেষ দিকে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিলেন হিমেনেজ। ডান দিক থেকে আসা বল গোলমুখে বিপজ্জনকভাবে ভেসে এলে তাতে পা ছোঁয়ানোর চেষ্টা করেন তিনি, কিন্তু বল অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। পরের কর্নার থেকেও গোল আদায় করতে পারেনি মেক্সিকো। শেষ পর্যন্ত জর্ডান পিকফোর্ডের দৃঢ়তায় এবং রক্ষণভাগের লড়াকু পারফরম্যান্সে ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।
রুদ্ধশ্বাস এ জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে থমাস টুখেলের শিষ্যরা। ম্যাচটি ইতোমধ্যেই টুর্নামেন্টের অন্যতম সেরা লড়াই হিসেবে আলোচনায় উঠে এসেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































