Apan Desh | আপন দেশ

বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

বান্দরবান প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:২২, ৬ জুলাই ২০২৬

বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

ফাইল ছবি

বান্দরবানের সব পর্যটন কেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এসময় জেলার সকল পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে।

সোমবার (০৬ জুলাই) রাতে এক জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেল থেকে জারিকৃত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে জেলার বিভিন্ন সড়কে পাহাড়ধস, মাটি সরে যাওয়া এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি বেড়েছে। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি ও সম্ভাব্য দুর্যোগ বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী- আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকায় ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলকে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পাশাপাশি অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহবান জানিয়েছে।

একই সঙ্গে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করার জন্যও সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন <<>> পাহাড় ধসের শঙ্কা, জেলা প্রশাসনের মাইকিং

এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস বলেন, টানা বর্ষণে জেলার বিভিন্ন স্থানে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সাময়িকভাবে সব পর্যটন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, বর্ষা মৌসুমে প্রতিবছরই বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড়ধস, আকস্মিক ঢল ও সড়ক যোগাযোগে বিঘ্নের ঘটনা ঘটে। ফলে এসময় পর্যটকদের ভ্রমণে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে থাকে প্রশাসন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়