ছবি সংগৃহীত
উত্তর আমেরিকা বিশ্বকাপের শুরু থেকেই একের পর এক চমক দেখিয়ে চলেছে কেপ ভার্দে। অদম্য মনোভাব আার ভয়ডরহীন লড়াইয়ে গ্রুপ পর্ব পেরিয়ে ইতিহাস গড়ে নকআউটে নাম লিখিয়েছে সাড়ে পাঁচ লক্ষাধিক মানুষের ছোট্ট দেশটি। এবার তাদের লক্ষ্য শেষ ষোলো। তবে এ পথে কেপ ভার্দের সামনে কঠিন প্রতিপক্ষ। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে হবে দলটি।
বাংলাদেশ সময় শনিবার (০৪ জুলাই) সকালে মিয়ামিতে হবে ম্যাচটি। তবে লিওনেল মেসিদের ভয় পাচ্ছে কেপ ভার্দে। দলটির কোচ বড় অঘটনের ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার দল ভয় নয়, সাহস নিয়েই মাঠে নামবে। বিশ্বকাপের অন্যতম বড় চমক দেখিয়ে পরের ধাপে জায়গা করে নেয়াই তাদের লক্ষ্য।
ম্যাচের সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের মধ্যে বিশ্বাস এবং দৃঢ় প্রত্যয় আছে, যা আমাদের অনেক সাহায্য করবে। আমরা সাহসের সঙ্গে খেলবো। আমরা নির্ভীক হবো এবং পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য লড়াই করবো। আমরা চাই, খেলোয়াড়রা ম্যাচটি উপভোগ করুক, তবে একইসঙ্গে যেন মনোযোগী থাকে এবং পরের ধাপে যাওয়ার জন্য সবকিছু উজাড় করে দেয়।
তিনি আরও বলেন, অবশ্যই আমরা বিশ্বাস করি। আমরা নিজেদের ওপর, আমাদের শক্তি, আমাদের খেলোয়াড় এবং দলের ওপর বিশ্বাস রাখি। আমরা জানি, এটি অত্যন্ত কঠিন একটি ম্যাচ হবে, কিন্তু আমরা প্রতিপক্ষকে আঘাত করতে পারি। আমরা সাহসী ও উচ্চাভিলাষী এবং আমরা জয়ের জন্যই খেলবো।’
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে না থাকা সত্ত্বেও তিনটি ম্যাচে ছয় গোল করা লিওনেল মেসি কেপ ভার্দের বিপক্ষে একাদশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। তবে কেপ ভার্দের কোচ জানিয়েছেন, তাদের পরিকল্পনা শুধু মেসিকে ঘিরে নয়।
তার ভাষায়, দল হিসেবে আমাদের নিজস্ব কৌশল রয়েছে, যা কেবল মেসির বিরুদ্ধে নয়, পুরো দলের বিরুদ্ধে। তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং এই টুর্নামেন্টের অন্যতম সেরা দল। আমরা পুরো দলটির বিপক্ষেই খেলবো। আমরা জানি, মেসি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়, কিন্তু আমাদের লড়াই পুরো দলের সঙ্গে।
আরও পড়ুন<<>>‘কমিটির দল’ বলায় ক্ষেপে গেলেন স্ক্যালোনি
মাত্র পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে তিনটি ড্র করে গ্রুপ ‘এইচ’ থেকে নকআউট পর্বে জায়গা করে নেয়। এবারের বিশ্বকাপে একের পর এক চমক দেখা যাচ্ছে উল্লেখ করে কেপ ভার্দে কোচ বলেন, তথাকথিত ছোট দলগুলোও বড় দলগুলোর সঙ্গে সমানতালে লড়াই করতে পারে।
এদিকে কেপ ভার্দের বিপক্ষে কোনো ভুল করতে চায় না আর্জেন্টিনা। তবে আলোচনার কেন্দ্রে এখন আর শুধু প্রতিপক্ষ নয়— যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিতব্য এ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের বড় দুশ্চিন্তার নাম হয়ে উঠেছে তীব্র গরম ও উচ্চ আর্দ্রতা, যা নিয়ে প্রকাশ্যেই উদ্বেগ জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
বাংলাদেশ সময় শনিবার ভোরে শুরু হতে যাওয়া ম্যাচে তাপমাত্রা থাকবে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে থাকবে প্রায় ৬৭ শতাংশ আর্দ্রতা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আকাশে মেঘ-রোদের লুকোচুরির পাশাপাশি প্রায় ৫৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এমনকি বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে।
এমন পরিবেশে খেলোয়াড়দের শরীরে দ্রুত ক্লান্তি আসে, শারীরিক পরিশ্রম বেড়ে যায় এবং ম্যাচে শক্তি ধরে রাখা কঠিন হয়ে পড়ে। নকআউট পর্বে একটি ভুলই যেখানে বিদায়ের কারণ হতে পারে, সেখানে পুরো ৯০ মিনিট বা অতিরিক্ত সময়ের জন্য শক্তি ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
এর আগেও এই বিশ্বকাপে কঠিন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হয়েছে আর্জেন্টিনাকে। কোচিং স্টাফ খেলোয়াড়দের ক্লান্তি কমাতে রোটেশন, পর্যাপ্ত বিশ্রাম এবং ভ্রমণসূচি পরিকল্পিতভাবে সাজিয়েছে। মিয়ামির এ ম্যাচে সে পরিকল্পনার কার্যকারিতার পরীক্ষা দিতে হবে।
যদিও আবহাওয়াকে অজুহাত হিসেবে মানতে নারাজ স্কালোনি। তার মতে, একই পরিস্থিতিতে দুই দলকেই খেলতে হবে। তবুও গরম ও আর্দ্রতা যে ম্যাচের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে, তা ভালোভাবেই বুঝছে আর্জেন্টিনা শিবির। তাই কেপ ভার্দের বিপক্ষে মাঠের লড়াইয়ের পাশাপাশি প্রকৃতির বিরুদ্ধেও সমান প্রস্তুতি নিয়ে নামতে হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































