Apan Desh | আপন দেশ

এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে সতর্ক সরকার: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৬, ১ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে সতর্ক সরকার: শিক্ষামন্ত্রী

আ ন ম এহছানুল হক মিলন। ছবি: আপন দেশ

শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শাস্তিযোগ্য অপরাধ করলে কেউ পার পাবে না বলে জানিয়েছেন  শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

বুধবার (০১ জুলাই) সচিবালয়ে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

এহছানুল হক মিলন জানান, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে। আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কমন বিষয়গুলোতেও একই প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁস বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, যেকোনো দুর্যোগ, প্রশ্নপত্র ফাঁস বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তিন সেট প্রশ্নপত্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগপূর্ণ এলাকার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

পরীক্ষার মূল্যায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, খাতা পুনর্মূল্যায়নের সুযোগ থাকবে। একই সঙ্গে পরীক্ষকদের দেয়া নম্বর যথাযথ হয়েছে কি না, কেউ অস্বাভাবিকভাবে কম বা বেশি নম্বর দিচ্ছেন কি না, সেটিও পর্যবেক্ষণ করা হবে।

আরও পড়ুন <<>> একই প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থী ঝরে পড়ার কারণ উদঘাটনে সরকার কাজ করছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, এবার শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে এইচএসসি পরীক্ষা সম্পন্ন হবে।

এছাড়া তিনি জানান, ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে একটি কারিকুলাম কমিটি কাজ করছে। প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে কারিকুলামকে আরও যুগোপযোগী করা হবে। একই সঙ্গে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ৭ জানুয়ারি শুরু হবে বলেও জানান তিনি।

এছাড়াও কোচিং সেন্টার বানাতে সরকারের অনুমতি নিতে হবে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়