মোহামেদ সালাহ। ছবি : সংগৃহীত
নকআউট পর্ব নিশ্চিত করেছে মিশর। তবে ইরানের বিপক্ষে হাঁটুর চোটে পড়েছেন দলটির অধিনায়ক ও সবচেয়ে বড় তারকা মোহামেদ সালাহ। তার চোটের ধরন নিয়ে এখনো নিশ্চিত কিছু জানা না গেলেও শেষ ৩২-এর ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) ইরানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে মিশর। তবে ম্যাচের ৫৭তম মিনিটে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন সালাহ। তার বদলে মাঠে নামানো হয় মোস্তফা জিকোকে।
ম্যাচ শেষে মিশরের প্রধান কোচ হোসাম হাসান সালাহর চোটের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দলের চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণ করছেন। হোটেলে ফেরার পর আরও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
হাসান বলেন, আমি সালাহর সঙ্গে কথা বলেছি। সে বলেছে, ঠিক হয়ে যাবে এবং চোটটি গুরুতর নয়। চিকিৎসকদের সঙ্গে কথা বলার জন্য এখনো সময় আছে। আমার বিশ্বাস সে ফিরে আসবে। সে আমাকে আশ্বস্ত করেছে, সব ঠিক হয়ে যাবে।
আরও পড়ুন<<>> মেসিকে ছাড়া এবার মাঠে নামবে আর্জেন্টিনা
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের জয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন সালাহ। ওই ম্যাচে একটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তাও করেন তিনি। সে জয়ে দীর্ঘদিনের একটি আক্ষেপও ঘোচে মিশরের। ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে অংশ নিয়েও কোনো ম্যাচ জিততে না পারা দলটি অবশেষে বিশ্বকাপ মঞ্চে জয় পায় সালাহর নেতৃত্বে।
শেষ ৩২-এ মিশরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আগামী ৩ জুলাই হবে ম্যাচটি। গুরুত্বপূর্ণ এ লড়াইয়ে সালাহ খেলতে না পারলে তা মিশরের জন্য পথটি কঠিন হয়ে যাবে।
আজকের বিশ্বকাপ ফুটবল ম্যাচের সূচি (বাংলাদেশ সময়)
পানামা-ইংল্যান্ড: রাত ৩টা, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
ক্রোয়েশিয়া-ঘানা: রাত ৩টা, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
কলম্বিয়া-পর্তুগাল: ভোর ৫টা ৩০ মিনিট, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
ডিআর কঙ্গো-উজবেকিস্তান: ভোর ৫টা ৩০ মিনিট, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
আলজেরিয়া-অস্ট্রিয়া: সকাল ৮টা,বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
আর্জেন্টিনা-জর্ডান: সকাল ৮টা,বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































