ছবি সংগৃহীত
নির্ধারিত নব্বই মিনিট শেষে যোগ করা সময়ে গোল করে বাঁধনহারা উল্লাসে মেতে উঠল ইরান। স্মরণীয় এক জয়ে তখন প্রথমবার নকআউটের দুয়ারে তারা। কিন্তু সে উল্লাস থেমে গেল দ্রুতই। ভিএআর জানাল, অফসাইড ছিলেন শোজা খালিলজাদেহ। রিপ্লেতে দেখা গেল, তার হাত ও পায়ের এক পাশের সামান্য একটু অংশ ছিল অফসাইড!
শেষ মুহূর্তে গোলটি বাতিল করে দিলেন রেফারি। আর তাতে প্রথম দুই ম্যাচের ন্যায় গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচেও ড্র করে মাঠ ছেড়েছে দলটি। বাংলাদেশ সময় শনিবার (২৭ জুন) সকালে সিয়াটলে মিসরের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ইরান।
ইরানের বিপক্ষে ড্র করে জি গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউটের টিকিট নিশ্চিত করেছে মিসর। অপর ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপের সেরা দল হিসেবে শেষ বত্রিশে পা রেখেছে বেলজিয়াম।
অন্যদিকে মিসরের সঙ্গে ড্র করায় অপেক্ষা বেড়েছে পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে থাকা ইরানের। তিন ম্যাচেই ড্র করা দেশটির ভাগ্য ঝুলে রয়েছে রোববার গ্রুপপর্বের বাকি ম্যাচগুলোর ফলাফলের ওপর।
শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করতে জয়ের বিকল্প না থাকায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে ইরান। তবে ম্যাচ শুরুর ৫ মিনিটের মধ্যে লিড পেয়ে যায় মিসর। ইরানের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে আক্রমণ সাজান তারকা মোহাম্মদ সালাহ। তার নেয়া শট ইরানের গোলরক্ষক প্রতিহত করলেও ফিরতি বলে জাল খুঁজে নেন মোস্তফা সাবের।
আরও পড়ুন<<>>উরুগুয়ের স্বপ্ন ভেঙে গ্রুপ সেরা স্পেন
তবে মিসরের সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি ইরান। বিদায়ের শঙ্কায় থাকা ইরান সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। দ্রুত ঘুরে দাঁড়িয়ে ধারাবাহিক আক্রমণের ফলও পেয়ে যায় তারা। ৯ মিনিটের ব্যবধানে ইরানকে সমতায় ফেরান রামিন রেজাইয়ান। ম্যাচের ১৪ মিনিটে মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের মিলাদ মোহাম্মদীর শট আটকে দিলেও বল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। ফিরতি বলে দারুণ শটে গোল করেন রামিন।
সমতায় ফেরার কয়েক মিনিট আগেই অবশ্য পেনাল্টি পেয়েছিল ইরান। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেননি মেহেদী তারেমি। এর ফলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
এদিকে দুই দল সমতায় ফেরার পর লড়াই আরও জমে ওঠে। দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও আর কোনো দল গোলের দেখা পায়নি। এর মধ্যে এগিয়ে যাওয়ার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ইরান। কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি।
এ ড্রয়ের ফলে মিশর নকআউট পর্বে উঠলেও ইরানের ভাগ্য ঝুলে রয়েছে গ্রুপের তৃতীয় স্থানধারী দলগুলোর র্যাংকিয়ের ওপর।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































