Apan Desh | আপন দেশ

উরুগুয়ের স্বপ্ন ভেঙে গ্রুপ সেরা স্পেন

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:১৮, ২৭ জুন ২০২৬

উরুগুয়ের স্বপ্ন ভেঙে গ্রুপ সেরা স্পেন

ছবি সংগৃহীত

রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে নিভে গেল উরুগুয়ের বিশ্বকাপ স্বপ্ন। বাঁচা-মরার লড়াইয়ে অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার এক মুহূর্তের ভুলই ডুবিয়ে দিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সে ভুলের সুযোগ কাজে লাগিয়ে অ্যালেক্স বায়েনার একমাত্র গোলে ১-০ গোলে জয় পায় স্পেন। এরইসঙ্গে গ্রুপ পর্ব থেকেই ২০২৬ ফিফা বিশ্বকাপের ইতি ঘটল মার্সেলো বিয়েলসার দলের।

বাংলাদেশ সময় শনিবার (২৭ জুন) সকালে মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে উরুগুয়ের জন্য জয়ের বিকল্প ছিল না। অন্যদিকে, স্পেনের লক্ষ্য ছিল জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের পর্ব নিশ্চিত করা।

শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে পার্থক্য গড়ে দেয় একটি ভুল। ৩৩তম মিনিটে বল নিয়ন্ত্রণে ভুল করেন উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। সে সুযোগ লুফে নিয়ে স্পেনকে এগিয়ে দেন অ্যালেক্স বায়েনা। বিশ্বকাপে মুসলেরার এটি আরেকটি ব্যয়বহুল ভুল, যার মূল্য দিতে হয়েছে পুরো দলকে।

আরও পড়ুন<<>>কোন ম্যাচ না জিতেও নকআউটে কেপ ভার্দে

গোল হজমের পর দ্বিতীয়ার্ধ শুরুর আগে কঠিন সিদ্ধান্ত নেন কোচ মার্সেলো বিয়েলসা। বিরতির সময়ই মুসলেরাকে তুলে এনে নতুন গোলরক্ষক নামান তিনি। কিন্তু তাতেও ম্যাচের চিত্র বদলায়নি।

সমতায় ফিরতে দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে আক্রমণ চালায় উরুগুয়ে। দারউইন নুনিয়েজ, ফেদেরিকো ভালভার্দে ও ফাকুন্দো পেল্লিস্ত্রিরা একের পর এক সুযোগ তৈরি করলেও স্পেনের সংগঠিত রক্ষণ ভেদ করতে পারেননি। ইউরোপের চ্যাম্পিয়নরা শৃঙ্খলিত ফুটবল খেলে শেষ পর্যন্ত নিজেদের এক গোলের লিড ধরে রাখে।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে স্প্যানিশ শিবির। আর হতাশায় মাথা নিচু করে মাঠ ছাড়েন উরুগুয়ের ফুটবলাররা। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এবারের বিশ্বকাপ শেষ হলো গ্রুপ পর্বেই।

এ জয়ে স্পেন ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে। একই গ্রুপ থেকে ইতিহাস গড়ে নকআউট পর্বে উঠেছে নবাগত কেপ ভার্দে। সৌদি আরবের সঙ্গে ড্র করে রানার্সআপ হওয়া আফ্রিকার দেশটি প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিয়েছে। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা।

আর দুটি করে ড্র আর এক হারে দুই পয়েন্ট করে নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো উরুগুয়ে আর সৌদি আরবকে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়