ছবি: আপন দেশ
গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’।
রোববার (১৭ মে) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এর আগে দুপুরে সচিবালয়ে প্রবেশ করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, নিউ এজের সম্পাদক নুরুল কবিরসহ সম্পাদক পরিষদের নেতারা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন সম্পাদকরা। পরে গণমাধ্যমকে নিউ এজ সম্পাদক জানান, গণতান্ত্রিক মিডিয়া গড়তে সম্মত হয়েছেন সরকার প্রধান। গণতান্ত্রিক আচরণ অব্যাহত থাকলে সরকারকে সহযোগিতা করবে সম্পাদক পরিষদ।
আরও পড়ুন <<>> টাইমস অব বাংলাদেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক হলেন আবুল কালাম আজাদ
২৮৪ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে উল্লেখ করে ডেইলি স্টার সম্পাদক বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এতো মামলা গণতান্ত্রিক পরিবেশ এবং সরকারের ভাবমূর্তির জন্য ভালো নয়।
এসময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টি করে এমন আইন কানুনের বিষয়েও সরকার প্রধানকে অবহিত করেন সাংবাদিকরা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































