ছবি : আপন দেশ
শহুরে কাব্য
বিস্তৃর্ণ সবুজ মাঠগুলো আর ফাঁকা নেই,
চাকচিক্য উঁচু বিল্ডিংগুলোর সরু গলির দিন
প্রসারে দিন দিন দানবীয় হয়ে উঠছে এই শহর।
অন্ধকার জুড়ে বিচরণ করা জোনাকিরা হারিয়ে গিয়েছে সভ্যতার অতলে,
ঝকঝকে কৃত্রিম আলোর মাঝে আজ কোথাও অন্ধকার নেই,
এইসব অন্ধকার লুকিয়ে গেছে মানুষের হৃদয়ে।
দাঁড়িয়ে থাকা বিল্ডিংগুলোর আড়ালে প্রতি রাতে হারিয়ে ফেলি সোনালী চাঁদ,
জোৎস্নার আলো শহুরে দেয়াল লেপ্টে থাকে রোজ,
মাখে না মানুষের শরীর, এ হৃদয়ে নেই প্রশান্তির ছোঁয়া।
ল্যাম্পপোস্টের আলোয় আকাশে জ্বলে ওঠা নক্ষত্ররা চোখের দৃষ্টি থেকে মিলিয়ে যায় প্রতিরাত,
মানুষ মন খুলে হাসতে ভুলে গেছে কতদিন হলো, খেয়াল রাখেনি আজও,
কৃত্রিম হাসির আড়ালে মরে গেছে আমাদের প্রাণ।
এই জাঁকজমক শহরে রোজ খুঁজে চলেছি সুখ,
কান পাতলে হৃদয়ের স্পন্দনে বহুদিনের হাহাকার টের পাই,
নরম বিছানা তবুও ঘুম আসে না রোজ,
বেলকুনির সামনে দাঁড়িয়ে কারখানার সচল যন্ত্রের শব্দ শুনি,
ভোরের অপেক্ষাতে কাটিয়ে দিই অনিদ্রায়।
সকাল হলেই শুনি একে একে করাতের ধারে মাটিতে লুটিয়ে পড়ছে উঁচু গাছ,
যেনো আরেকটু মরুভূমির প্রসার,
ছিন্নমূল মানুষের মতো এ শহরে ছিন্নমূল পাখিরা ঘরের সন্ধানে ঘোরে,
তবু, ঘর নেই কোথাও।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































