ছবি : সংগৃহীত
আর মাত্র ২৮ দিন পর শুরু হচ্ছে গ্রহের সবচেয়ে বড় ফুটবল শো ‘ফিফা ২০২৬ ফুটবল বিশ্বকাপ’। এরই মাঝে প্রকাশ পেয়েছে বিশ্বকাপের অফিসিয়াল থিম সং হিসেবে ‘দাই দাই’। গানটিতে কণ্ঠ দিয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ার শিল্পী বার্না বয়।
শুক্রবার (১৫ মে) এক বিবৃতির আনুষ্ঠানিকভাবে এ গানের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। সংস্থাটি গানটিকে ফুটবল, সংস্কৃতি এবং বৈশ্বিক ঐক্যের এক অনন্য উদযাপন হিসেবে বর্ণনা করেছে।
এক দশকেরও বেশি সময় পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছেন শাকিরা। এর আগে ২০১০ বিশ্বকাপে তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ গানটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় থিম সং হিসেবে জায়গা করে নেয় গানটি।
ফিফা জানায়, ‘দাই দাই’ গানে আফ্রোবিটস, ড্যান্স-পপ, রেগেতন এবং ওয়ার্ল্ড বিটসের সংমিশ্রণ রয়েছে। প্রায় চার মিনিটের এ গানটি শ্রোতাদের জন্য উদ্দীপনামূলক ও প্রাণবন্ত আবহ তৈরি করবে। এতে ফুটবলার ও বিশ্বজুড়ে ভক্তদের জন্য অনুপ্রেরণামূলক বার্তাও রাখা হয়েছে।
আরও পড়ুন <<>> সাবিনাদের নতুন যাত্রা শুরু
সংস্থাটি আরও জানায়, গানটি ইতোমধ্যে বিশ্বের প্রধান প্রধান মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে। গানটির রয়্যালটি থেকে অর্জিত আয়ের একটি অংশ ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ দেয়া হবে, যা বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিতদের শিক্ষা খাতে সহায়তা করে।
উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































