Apan Desh | আপন দেশ

ইরানে ফের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:২৩, ১৭ মে ২০২৬

ইরানে ফের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি সংগৃহীত

শিগগিরই কোনো শান্তিচুক্তি না হলে ইরানে আবারও বড় ধরনের সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি গণমাধ্যম বিএফএমটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আগামী সপ্তাহেই ইরানের ওপর নতুন নামে বড় ধরনের সামরিক হামলা চালাতে যৌথভাবে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

ট্রাম্প বলেন, ইরানিদের জন্য একটি চুক্তিতে পৌঁছানোই সবচেয়ে ভালো হবে। তারা যদি তা না করে, তবে তাদের খুব খারাপ সময় পার করতে হবে। চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে ওয়াশিংটনের পাশাপাশি ইরানেরও নিজস্ব স্বার্থ রয়েছে।

এদিকে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে নতুন করে আলোচনার বার্তা পাওয়ার কথা নিশ্চিত করলেও ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে গভীর অবিশ্বাস প্রকাশ করেছে তেহরান। দুদেশের এমন মনস্তাত্ত্বিক লড়াইয়ের মাঝেই অচলাবস্থা ভাঙতে ট্রাম্প ফের বড় ধরনের সামরিক অভিযানের সিদ্ধান্ত নিতে পারেন বলে আশঙ্কা করছে মার্কিন সংবাদমাধ্যমগুলো, যার প্রস্তুতি ইতোমধ্যে নিয়ে রেখেছেন তার শীর্ষ উপদেষ্টারা। 

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সংকট নিয়ে যেকোনো সময় বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান অচলাবস্থা ভাঙতে তিনি আরও বড় পরিসরে বোমা হামলার সিদ্ধান্ত নিতে পারেন, এমন আশঙ্কা থেকে মার্কিন শীর্ষ উপদেষ্টারা ইতোমধ্যে পুনরায় সামরিক অভিযান শুরু করার একটি রূপরেখা তৈরি করে রেখেছেন।

আরও পড়ুন<<>>হরমুজে ফি নেবে ইরান, সুবিধা পাবে যেসব দেশ

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর শেষে দুই দিন আগে দেশে ফিরেছেন। এখন তিনি ইরান নিয়ে বড় ধরনের কিছু সিদ্ধান্ত নিতে পারেন। ট্রাম্প আরও বেশি বোমা মেরে এ অচলাবস্থা ভাঙার সিদ্ধান্ত নিতে পারেন, এমনটা মাথায় রেখে আবার অভিযান শুরু করতে ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি করে রেখেছেন তার শীর্ষ উপদেষ্টারা।

উপদেষ্টারা জানিয়েছেন, ট্রাম্প তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তবে স্বার্থসংশ্লিষ্ট দেশগুলোর কর্মকর্তারা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন। তারা ইরানকে বুঝিয়ে হরমুজ প্রণালি আবার খুলে দেয়ার পদক্ষেপ নিচ্ছেন। এটা হলে ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারবেন। তিনি সন্দিহান মার্কিন ভোটারদের বোঝাতে পারবেন, ইরানে এ ব্যয়বহুল ও প্রাণঘাতী সামরিক অভিযান সফল ছিল।

কিন্তু বেইজিং ছাড়ার পরপরই শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে ট্রাম্প আবারও স্পষ্ট করে দিয়েছেন, ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাবটি গ্রহণযোগ্য ছিল না।

ট্রাম্প বলেন, আমি এটি দেখেছি। আর প্রথম বাক্যটিই যদি আমার পছন্দ না হয়, তবে আমি তা সরাসরি ফেলে দিই।

উল্লেখ্য, এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলাকালেই যুক্তরাষ্ট্র দুবার দেশটির ওপর সামরিক হামলা চালিয়েছিল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়