ছবি: আপন দেশ
গত বছরের ঈদযাত্রায় কিছু ব্যত্যয় হয়েছে। এ বছর সে ব্যত্যয় কাটিয়ে নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম। ঈদ যাত্রা স্বস্তির করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এবার সড়ক, নৌপথে ও রেলপথে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে।
রোববার (১৭ মে) দুপুরে রাজবাড়ী পৌরসভার সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজন ও আহতদের হাতে চেক প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ঈদে ঢাকা থেকে প্রায় দেড় কোটি মানুষ গ্রামের বাড়িতে যায়। এত সংখ্যক মানুষকে নিরাপদে পৌছে দেয়াটাও একটা চ্যালেঞ্জ। সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমরা প্রস্তুত। বাড়তি ভাড়া প্রতিরোধের বিষয়ে মন্ত্রী বলেন, এ বছর কেউ সড়কে যাতে বাড়তি ভাড়া না নিতে পারে সেজন্য ভ্রাম্যমান আদালত বাড়ানো হয়েছে।
দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষের প্রয়োজনের তাগিদেই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ এগিয়ে চলেছে। দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতুর কথাও ভাবছে সরকার।
দৌলতদিয়া ফেরি ঘাটে বাসডুবির ঘটনায় মন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদন ওই দুর্ঘটনার আসল কারণ উঠে এসেছে। সেখানে চালকের অদক্ষতা ও বাসটির ক্রটির প্রমাণ মিলেছে।
আরও পড়ুন<<>>পশুর হাটে চাঁদাবাজি বন্ধের দাবি
সড়ক দুর্ঘটনা কারণ হিসেবে চালকের অদক্ষতা, অসচেতনতা ও স্বেচ্ছাচারিতা এ তিনটি বিষয় উল্লেখ করেন মন্ত্রী। এমনকি প্রতি বছর সড়ক দুর্ঘটনায় সাড়ে চার থেকে ৫ হাজার মানুষের প্রাণ-হানি হয় বলেও জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। পরে ২৫ মার্চ রাজবাড়ীর দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ২৬ জন নিহতসহ মোট ৬২ জনের পরিবারের হাতে ২ কোটি ৬০ লক্ষ টাকা চেক তুলে দেন মন্ত্রী।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিআরটিএর চেয়ারম্যান হাবিবুর রহমান, পরিবহন মালিক সমিতির চেয়ারম্যান সাইফুল আলম উপস্থিত ছিলেন।
পরে রাজবাড়ীর রেলওয়ে মাঠ, শহরের রেলওয়ে আজাদী ময়দান পরিদর্শন শেষে রাজবাড়ীর গোয়ালন্দের বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন মন্ত্রী শেখ রবিউল আলম।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































