Apan Desh | আপন দেশ

খায়রুল হককে গ্রেফতার না দেখানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৫, ১৭ মে ২০২৬

খায়রুল হককে গ্রেফতার না দেখানোর নির্দেশ

এ বি এম খায়রুল হক। ছবি: আপন দেশ

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৭ মে) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুলও জারি করেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, সাঈদ আহমেদ রাজা, মুস্তাফিজুর রহমান ও মোনায়েম নবী শাহীন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত দুটি হত্যা মামলায় গত ১২ মে এ বি এম খায়রুল হক হাইকোর্ট থেকে জামিন পান।

এরপর তার আইনজীবীরা জানান, সব মামলায় জামিন পাওয়ায় বর্তমানে তার মুক্তিতে কোনো আইনি বাধা নেই। তবে সে আদেশ স্থগিত চেয়ে বুধবার আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের দায়ের করা পাঁচ মামলায় গত ২৮ এপ্রিল এ বি এম খায়রুল হকের জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

এরও আগে ৮ মার্চ হাইকোর্ট রুল মঞ্জুর করে চার মামলায় তাকে জামিন দেন। পরে ১১ মার্চ দুদকের মামলাতেও তিনি জামিন লাভ করেন। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলেও আদালত তা খারিজ করে দেন।

আরও পড়ুন <<>> ড. ইউনূসসহ উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

পরবর্তীতে যাত্রাবাড়ী থানায় দায়ের করা আরিফ হত্যা মামলা এবং আদাবর থানার রুবেল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। পরে ১২ মে ওই দুই মামলাতেও হাইকোর্ট থেকে জামিন পান।

বর্তমানে এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়