Apan Desh | আপন দেশ

আইসিসির সঙ্গে বিসিবি-পিসিবির বৈঠক, সুখবর আসছে

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৩৯, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আইসিসির সঙ্গে বিসিবি-পিসিবির বৈঠক, সুখবর আসছে

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। তাতে বড় ক্ষতির মুখে পড়ে নড়েচড়ে বসে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার আয়োজনে লাহোরে বিসিবি ও পিসিবির সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসে আইসিসি।

সেখানে একটি সিদ্ধান্ত হয়েছে। যাতে বাংলাদেশের জন্য সুসংবাদ আছে বলে জানা গেছে। বিশ্ব ক্রিকেটের এ নিয়ন্ত্রক সংস্থার অনুরোধে এবার আগামী এক-দুই দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি।

সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, নকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছ থেকে ১৫ ফেব্রুয়ারির ভারত-পাকিস্তান ম্যাচ সম্পর্কে নির্দেশনা নেবেন। চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের হাতেই থাকবে।

পুরো বিষয়টি নিয়ে আলোচনার জন্য রোববার (০৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমিনুল ইসলাম বুলবুলকেও পাকিস্তানে আমন্ত্রণ করে নিয়েছেন নকভি। অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী, আইসিসি, পিসিবি ও বিসিবির মধ্যে দীর্ঘ বৈঠক হয়। চার ঘণ্টা বৈঠক চলার পর ডিনারের বিরতি নেয়া হয়। পরে আলোচনা পুনরায় শুরু করার জন্য স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুন<<>>টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালির অভিষেক

সব পক্ষই চেষ্টায় রয়েছেন যেন আলোচনাগুলো ফলপ্রসূ হয়। বিশেষত, বাংলাদেশ-সংক্রান্ত সমস্যার সমাধান এ আলোচনার মূল বিষয়। বৈঠকে ছিলেন, নকভি, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এবং আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা।

এদিকে, দীর্ঘমেয়াদি ক্রিকেট স্বার্থের জন্য সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডও (ইসিবি) পিসিবিকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট পুনর্বিবেচনার আহবান জানিয়েছে।

এর আগে, পাকিস্তান সরকার ১ ফেব্রুয়ারি ঘোষণা করে যে দেশের জাতীয় ক্রিকেট দল চলমান টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, তবে গ্রুপ-স্টেজে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না। পিসিবি অভিযোগ করেছে, বাংলাদেশ বিষয়ে আইসিসি পক্ষপাতমূলক আচরণ করছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়