Apan Desh | আপন দেশ

‘বিএনপি রাজনৈতিক শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৫, ৩০ জুন ২০২৩

আপডেট: ০০:২২, ১ জুলাই ২০২৩

‘বিএনপি রাজনৈতিক শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে’

বিএনপির আক্রোশের রাজনীতি আজ রাজনৈতিক শিষ্টাচারের সব সীমা অতিক্রম করেছে। বিএনপি নেতাদের বাস্তবতা বিবর্জিত বক্তব্য তাদের অন্তর্জালার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়।-এসব কথা বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বিএনপি নেতাদের দেয়া ‘এবারের ঈদ সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি’ এমন ‘নেতিবাচক ও দুরভিসন্ধিমূলক বক্তব্যের’ তীব্র নিন্দা জানিয়ে আজ শুক্রবার (৩০ জুন) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা বিবৃতিতে এসব কথা জানান তিনি।

আরও পড়ুন <> ব্রিকসে যাওয়ার চেষ্টা করে আ.লীগের কোনো লাভ হবে না

ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার আনন্দ উদযাপন করছে। বৈরী আবহাওয়ার মধ্যেও মানুষ নিরাপদে নির্বিঘ্নে আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদউৎসব উদযাপন করতে শহর ছেড়ে গ্রামে গিয়েছে। পরিস্থিতি অনুকূল ও স্বস্তিদায়ক হওয়ায় পদ্মা সেতু এবং বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। কোনো প্রকার দুর্ভোগ-দুর্যোগ ছাড়া আনন্দ মনে সাধারণ মানুষের ঈদ উদযাপনই বিএনপি নেতাদের মন খারাপের কারণ। দেশের জনগণ আনন্দে থাকলে বিএনপি নেতাদের গাত্রদাহ হয়।

তিনি আরো বলেন, জনগণ আনন্দে থাকুক নিরাপদে থাকুক, সেটা তারা চায় না। জনগণ কষ্টে থাকুক, তারা জনগণের দুর্ভোগ নিয়ে রাজনীতি করবে, এটাই বিএনপি নেতাদের বাসনা। তারা যেনতেন প্রকারে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে এতটাই মরিয়া যে, দেশের কিংবা দেশের জনগণের কোনও প্রকার কল্যাণ চিন্তা করতে পারে না।  

                                                                      আরও পড়ুন <> তাদের আন্দোলনের হুমকি আষাঢের তর্জন গর্জন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর অনেক দেশে খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে সেসব দেশের বাজারে খাদ্যদ্রব্য রেশনিং করা হচ্ছে। বর্তমান সরকার দেশের জনগণের কাছে খাদ্য সরবরাহ স্থিতাবস্থা এবং খাদ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের কাছে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে সরকার নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যাদি বিতরণ করছে।

ওবায়দুল কাদের আরও বলেন, ক্ষমতা দখলে উন্মত্ত হয়ে বিএনপি নেতারা বিভিন্ন সামাজিক মাধ্যমে নানা ধরনের বিদ্বেষমূলক, বিভ্রান্তিকর ও সম্পূর্ণ বানোয়াট তথ্য দিয়ে সরকার ও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে নানামুখী অপপ্রচার চালাচ্ছে। 

অনুরূপভাবে সাজানো ও সম্পূর্ণ মিথ্যা ঘটনার বর্ণনা দিয়ে তারা বিদেশি প্রভুদের কাছে তথাকথিত জুলুম-অত্যাচারের কাল্পনিক অভিযোগ উপস্থাপন করছে। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়