রুহুল কবির রিজভী, আপন দেশ
বিদেশে অবস্থান করেও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি ও রক্তপাতের মানসিকতা থেকে সরে আসেননি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে আবারও রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হচ্ছে। কৃত্রিম সংকট তৈরি করে দেশের চলমান গণতান্ত্রিক স্থিতিশীলতা নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, তার নির্দেশনায় ফ্যাসিবাদের অবশিষ্টাংশরা দেশে ধারাবাহিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বীমা ও হাসপাতালে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে। এসব সহিংসতায় বিএনপির তিনজন গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে কৃষক দলের দুজন এবং ভাঙ্গার একজন নেতা রয়েছেন বলে জানান তিনি।
বর্তমান সরকারের ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের গুম-খুনের সংস্কৃতি থেকে বেরিয়ে দেশ গণতান্ত্রিক কাঠামো ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাচ্ছে। এত সহিংসতা ও উসকানির পরও সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ বা নির্মমতার পথে না গিয়ে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিচ্ছে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে। যা দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন<<>>পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
রিজভী আরও বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে অংশ নিয়েও সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস জুলাই আন্দোলনের প্রশংসা করেছেন। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের কথা বলেছেন। এতে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের অবস্থান আরও প্রশ্নের মুখে পড়েছে।
ভারতের এক মন্ত্রীর ১৬ ডিসেম্বর ঢাকা দখল সংক্রান্ত কথিত বক্তব্যেরও তীব্র নিন্দা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, লাখো মানুষের আত্মদান এবং দুই লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও বাইরের কারও হস্তক্ষেপ বরদাশত করা হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, শ্রমিক দলের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































