ছবি: আপন দেশ
শেখ হাসিনাকে ভারতে রাখার কারণে ভারতও বিভিন্ন চ্যালেঞ্জ ও অস্বস্তির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনার উপস্থিতি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে পারবেন না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত পাঠাতে হবে। শেখ হাসিনা অপরাধী হিসেবে প্রত্যর্পণ চুক্তির আওতায় পড়েন। তাই চুক্তি অনুযায়ী তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ভারতের পক্ষ থেকে স্বেচ্ছায় কোনো ব্যক্তির দেশে ফিরে আসা এবং প্রত্যর্পণ চুক্তির বিষয়টি আলাদা। এক্ষেত্রে বোঝাপড়ার কোনো অসুবিধা নেই। সাধারণ যাত্রী বা বেসামরিক নাগরিকদের যাতায়াতের বিষয়টি এক রকম, আর অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যর্পণ চুক্তি।
তিনি বলেন, হাসিনা ক্রিমিনাল সেকশনের আওতায় পড়েন। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে হস্তান্তর করতে হবে। ভারতের কাছে শেখ হাসিনাসহ অন্যদের ফেরত চেয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধ জানিয়েছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ অনুরোধ জানিয়েছে। এখন জবাবের অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন<<>>পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, আমরা আমাদের অনুরোধ জানিয়েছি। এখানে হাসিনা ছাড়াও আরও আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সন্ত্রাসীরা রয়েছে। যারা দেশ থেকে লুটপাট করে এবং মানুষ হত্যা করে পালিয়েছে। শহীদ হাদীর হত্যাকারীরাও সেখানে রয়েছে। অনেক সন্ত্রাসী পালিয়ে গেছে। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফেরত চাই।
শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার সম্ভাবনা এবং কোনো বাংলাদেশি মিশনে গেলে তাকে গ্রেফতার করা হবে কি না-এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে আসছেন না।
তিনি বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না। তার বাংলাদেশে আসার একমাত্র পথ হচ্ছে প্রত্যর্পণ চুক্তি। তাকে বিমানে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে বাংলাদেশে আনা হবে। এ ছাড়া তার ফেরার কোনো পথ নেই।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার পরিবার, দল ও সন্ত্রাসীদের বাংলাদেশে কোনো স্থান নেই।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শেখ হাসিনার অবস্থানকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করার প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, প্রত্যর্পণ চুক্তিতে অপরাধীদের ফেরত পাঠানোর বিষয়ে সুনির্দিষ্ট বিধান রয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রে সে বিধানই প্রযোজ্য।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































