Apan Desh | আপন দেশ

আইনশৃঙ্খলা অবনতির দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে: জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫২, ২৩ আগস্ট ২০২৬

আপডেট: ১৯:৫৩, ২৩ আগস্ট ২০২৬

আইনশৃঙ্খলা অবনতির দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে: জামায়াত আমীর

ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

আইনশৃঙ্খলা অবনতির দায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে নিতে হবে বলে সমালোচনা করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

রোববার (২৩ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি এ সমালোচনা করেন।

পোস্টে শফিকুর রহমান লিখেছেন, গতরাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। গোটা পরিবারকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়, বেদনাদায়ক ও লোমহর্ষক।

জামায়াত আমীর লেখেন, সম্প্রতি দেশে সামাজিক অপরাধ, খুন-খারাবি ও সন্ত্রাসী কর্মকাণ্ড মারাত্মক আকার ধারণ করেছে। ঢাকায় একজন চিকিৎসকের কাছে ডলারে চাঁদা দাবি এবং পরবর্তীতে তার ওপর হামলা করে তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। ময়মনসিংহে একজন পশুচিকিৎসকের কাছেও অনুরূপভাবে চাঁদা দাবি করে হামলা করা হয়েছে। আর সর্বশেষ রংপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটল।

এ বিষয়ে উদ্বেগ জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা মারাত্মক অবনতি হয়েছে। তা কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে, এ তিনটি ঘটনাসহ অসংখ্য ঘটনা থেকেই তা স্পষ্ট হয়ে উঠছে। জনগণ উদ্বিগ্ন। জনগণ এর সুরাহা চায়। স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে।

আরও পড়ুন <<>> কাজের মাধ্যমে সমালোচনার জবাব দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

তিনি ফেসবুক পোস্টে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ত ভূমিকা জনগণকে শঙ্কিত করে তুলেছে। বিশেষ করে রংপুরের এ ঘটনায় যে দুর্বৃত্তরা এ ভয়ংকর ঘটনা ঘটিয়েছে, দ্রুত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

বিচার ব্যবস্থার জটিলতার প্রসঙ্গে টেনে শফিকুর রহমান লিখেছেন, একটার পর একটা অপরাধ সংঘটিত হয়ে চলেছে। কিন্তু ভুক্তভোগীরা সঠিক বিচার পাচ্ছেন না। আদালতে বিচারের দীর্ঘসূত্রতা জনগণকে দারুণভাবে হতাশ করছে।

এ হতাশা থেকে জনগণকে অবশ্যই রক্ষা করতে হবে। তাই সরকারের ব্যর্থতার দিকে তাকিয়ে না থেকে আমাদের নিজেদের মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। পাশাপাশি সরকারকে ব্যর্থতা কাটিয়ে উঠতে বাধ্য করা দরকার বলে জানান তিনি।

পোস্টের শেষে তিনি সামাজিক সচেতনতা সৃষ্টি করে এ জাতীয় অপরাধ থেকে জনগণকে রক্ষা করার আহবান জানান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়