Apan Desh | আপন দেশ

কাজের মাধ্যমে সমালোচনার জবাব দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:১২, ২৩ আগস্ট ২০২৬

কাজের মাধ্যমে সমালোচনার জবাব দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

ছবি: আপন দেশ

অন্যরা যেন সমালোচনার সুযোগ না পায়, সেজন্য কাজের মাধ্যমেই সব সমালোচনার জবাব দিতে হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আবদুস সালাম।

রোববার (২৩ আগস্ট) নগরভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, আজকে দল ক্ষমতায় এসেছে, এখন দায়িত্ব আরও বেড়ে গেছে। আগে বিরোধীদলে থাকতে যতটুকু দায়িত্ব ছিল, এখন তার চেয়ে বেশি দায়িত্ব। প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পর্যায়ে আমাদের সহযোগিতা করতে হবে।

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে উল্লেখ করে তিনি বলেন, দলের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এখন সরকার পরিচালনার দায়িত্ব শুধু প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিলে হবে না। দলের প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করতে হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশন থেকে নগরবাসী যাতে যথাযথ নাগরিক সেবা পান, তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো ধরনের গ্রুপিং বা ভেদাভেদ রাখা যাবে না। দলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন, বিদ্যুৎ, রাস্তাঘাট, ট্যাক্স ও রাজস্ব—প্রতিটি খাতেই গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। সব ধরনের ভেদাভেদ ভুলে দায়িত্ব পালন করতে হবে।

আবদুস সালাম আরও বলেন, ডিএসসিসির দায়িত্ব শুধু প্রশাসকের একার নয়; দলের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবারই এ দায়িত্ব রয়েছে। কোনো কাজে ব্যর্থতা হলে সেটি শুধু প্রশাসকের ব্যর্থতা হিসেবে দেখা যাবে না, সংশ্লিষ্ট সবার ব্যর্থতা হিসেবেই বিবেচিত হবে।

আরও পড়ুন <<>> বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, পরিচ্ছন্ন নগর গড়তে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। অফিস চলাকালীন বা দায়িত্ব পালনের সময়ে কোনো ধরনের ফাঁকি দেয়া যাবে না। বরং দলের নেতাকর্মীদের অন্যদের চেয়ে আরও বেশি আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে আবদুস সালাম বলেন, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তিনি আমাদের হৃদয়ে আছেন। আমরা তাকে সব সময় স্মরণ করি।

দোয়া ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের এমপি হামিদুর রহমান হামিদ, পাবনা-৫ আসনের এমপি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানসহ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতারা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়