Apan Desh | আপন দেশ

বিদায় বেলা অশ্রুসিক্ত মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৮, ১৯ আগস্ট ২০২৬

আপডেট: ২১:০৪, ১৯ আগস্ট ২০২৬

বিদায় বেলা অশ্রুসিক্ত মির্জা ফখরুল

ছবি: আপন দেশ

বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বারবার কেঁদেছেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চাওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় দেড় ঘণ্টার বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়। দলীয় ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা নিয়েও সভায় আলোচনা হয়।

সভায় চিফ হুইপ নূরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দেন। তিনি সংসদ সদস্যদের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেয়ার পদ্ধতি সম্পর্কে ধারণা দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট চান।

নূরুল ইসলাম মনি জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং মির্জা ফখরুল নিজেও ভোট দেবেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব নিলে তার ঠাকুরগাঁও-৩ আসনটি শূন্য হবে।

এরপর বক্তব্য দিতে দাঁড়ান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের শুরুতেই আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। স্মরণ করেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। কৃতজ্ঞতা জানান দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও।

বিএনপিতে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, দায়িত্ব পালনকালে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে কিংবা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী।

আরও পড়ুন <<>> বাংলাদেশ সমতার ভিত্তিতে বন্ধুত্ব করতে চায়: রিজভী আহমেদ

মির্জা ফখরুল বলেন, দল তাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও সে সম্মান রক্ষা করবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবেন না।

বঙ্গভবনে যাওয়ার পর সহকর্মীদের মিস করবেন উল্লেখ করে দলীয় সংসদ সদস্যদের কাছে দোয়া চান মির্জা ফখরুল। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে তার পক্ষে ভোট দেয়ার আহবান জানান।

সভায় উপস্থিত একাধিক এমপি বরাতে জানা গেছে, কয়েক মিনিটের বক্তব্যে চার থেকে পাঁচবার কেঁদে ফেলেন মির্জা ফখরুল। এতে সভায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানও এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন বলে জানান তারা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়