Apan Desh | আপন দেশ

একশ’ পৌরসভা-উপজেলায় প্রার্থী দিল এনসিপি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৪, ১০ মে ২০২৬

আপডেট: ২০:৫৪, ১০ মে ২০২৬

একশ’ পৌরসভা-উপজেলায় প্রার্থী দিল এনসিপি

ছবি: আপন দেশ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত তালিকায় উপজেলা চেয়ারম্যান পদে ৫০ জন এবং পৌর মেয়র পদে ৫০ জন প্রার্থী রয়েছেন।

রোববার (১০ মে) রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

রংপুর বিভাগের প্রার্থীদের তালিকা ঘোষণা করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।

সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দল ইতোমধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। প্রথম ধাপে ১৩টি সিটি করপোরেশনের মধ্যে পাঁচটির প্রার্থী ঘোষণা করা হয়েছে। শিগগিরই বাকি সিটি করপোরেশনগুলোর প্রার্থীর নামও প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, এনসিপি ২০৩৬ সালের মধ্যে জনগণের প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে উঠতে চায়। সে লক্ষ্যেই দল এককভাবে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে। 

আরও পড়ুন<<>>পুলিশের যৌক্তিক দাবি পুরণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সারজিস আলম জানান, বর্তমানে দেশে ৫০০ উপজেলা এবং ৩৩০ পৌরসভাসহ মোট ৮৩০টি স্থানীয় সরকার ইউনিট রয়েছে। প্রথম ধাপে প্রার্থী বাছাইয়ের জন্য এক হাজারের বেশি আবেদন জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২০ তারিখের মধ্যে দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

নতুনদের এনসিপিতে যোগদানের বিষয়ে তিনি জানান, দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল থেকে আগত পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য ব্যক্তিরাও মনোনয়নের জন্য আবেদন করতে পারবেন। তবে ফ্যাসিবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ততা বা ফৌজদারি অপরাধে জড়িতদের ক্ষেত্রে কোনো সুযোগ থাকবে না।

প্রথম ধাপে ঘোষিত প্রার্থীদের মধ্যে রংপুর বিভাগের বিভিন্ন জেলার উল্লেখযোগ্য কয়েকজনের নামও জানানো হয়। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান পদে মো. হাবিবুর রহমান হাবিব, বোদা উপজেলায় শিশির আসাদ এবং দেবীগঞ্জ পৌর মেয়র পদে মাসুদ পারভেজ রয়েছেন।

উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদে এনসিপির ঘোষিত ১০০ প্রার্থী

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব, বোদায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শিশির আসাদ ও দেবীগঞ্জ উপজেলায় পৌর মেয়র প্রার্থী মাসুদ পারভেজ। পাশাপাশি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমরান চৌধুরী নিশাত, বোচাগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা এম এ তাফসির হাসান, ফুলবাড়ি পৌরসভায় পৌর মেয়র প্রার্থী শিহাব হোসেন, ঘোড়াঘাটে পৌর মেয়র পদপ্রার্থী মো. আব্দুল মান্নান ও হাকিমপুরে পৌর মেয়র প্রার্থী রায়হান কবির।

এছাড়াও নীলফামারীর জলঢাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ লিয়ন, নীলফামারী সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. কামরুল ইসলাম, কুড়িগ্রাম সদরের পৌর মেয়র প্রার্থী মো. মাসুম মিয়া, লালমনিরহাটের কালিগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ, রংপুরের সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণ চন্দ্র বর্মণ ও গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা চেয়ারম্যান পদে খাদিমুল ইসলাম এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় সদর উপজেলা চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম শফিক, উখিয়া উপজেলার চেয়ারম্যান পদে মোহাম্মদ হুসাইন, চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে রশিদ, মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান পদে ইদ্রিস, হোমনা পৌরসভা মেয়র পদে রাজু সরকার, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চেয়ারম্যান পদে আমিনুল হক এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ সময়রেখা প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহবান জানান। তিনি উল্লেখ করেন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানা থাকলে প্রার্থীদের প্রস্তুতি নিতে সুবিধা হবে।

এনসিপি জানিয়েছে, এটি তাদের প্রথম ধাপের তালিকা এবং পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের সব উপজেলা ও পৌরসভার জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। ১০০ প্রার্থীর মনোনয়নের মধ্য দিয়ে এনসিপি স্থানীয় নির্বাচনে তাদের সাংগঠনিক শক্তিমত্তার জানান দিতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়