Apan Desh | আপন দেশ

ঢাকা দক্ষিণের প্রশাসক হয়ে যে বার্তা দিলেন আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৪:০১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা দক্ষিণের প্রশাসক হয়ে যে বার্তা দিলেন আব্দুস সালাম

আব্দুস সালাম।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম। নতুন দায়িত্ব পেয়ে ঢাকার চলমান নানা সমস্যার টেকসই সমাধানে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আব্দুস সালাম বলেন, ‘ঢাকা আজ যানজট, জলাবদ্ধতা, বায়ুদূষণ, বর্জ্য ব্যবস্থাপনা সংকট ও অপরিকল্পিত নগরায়ণের মতো বহুমুখী সমস্যায় জর্জরিত। এসব সমস্যা সমাধানে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর করলে চলবে না; প্রয়োজন নাগরিকদের সক্রিয় সম্পৃক্ততা।’

তিনি বলেন, ‘নাগরিকদের সচেতনতা, দায়িত্ববোধ এবং প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ ছাড়া রাজধানীর দীর্ঘদিনের সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়।’

বিএনপি চেয়ারম্যানের এ উপদেষ্টা বলেন, ‘অনেক ক্ষেত্রে আইন ও নীতিমালা থাকলেও তা যথাযথভাবে মানা হয় না। ট্রাফিক আইন অমান্য করা, যেখানে-সেখানে ময়লা ফেলা, অবৈধ দখল ও নির্মাণ, এসব আচরণ নগর সমস্যাকে আরও জটিল করে তুলছে। নাগরিকরা যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করেন, তাহলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সম্ভব।’

আরও পড়ুন : ইউপি চেয়ারম্যান থেকে গাজীপুর সিটির দায়িত্বে শওকত হোসেন

আব্দুস সালাম আরও বলেন, ‘সিটি করপোরেশন, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের সমন্বয় বাড়াতে হবে। এলাকাভিত্তিক কমিউনিটি উদ্যোগ, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং সচেতনতামূলক প্রচারণা জোরদার করলে নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়