Apan Desh | আপন দেশ

‘জামায়াত আমীরের ক্ষমতার বলি বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৬, ৫ ফেব্রুয়ারি ২০২৬

‘জামায়াত আমীরের ক্ষমতার বলি বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার’

ফাইল ছবি

জামায়াত আমীরের ক্ষমতার বলি হিসেবে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। যা আইন সংগত নয় বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে এ অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ওই সহকারী প্রোগ্রাম অফিসারকে তার বাসা থেকে আটক করা হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৩৫ ঘণ্টা পার হলেও তাকে এখনো কোনো ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হয়নি। যা সংবিধান ও ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) স্পষ্ট লঙ্ঘন। 

আরও পড়ুন<<>>‘যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছেন, তাদের ক্ষমা করে দিলাম’

রাকিবুল ইসলাম রাকিব পোস্টে লিখেন, সংবিধান ও ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী, ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া কাউকে ২৪ ঘণ্টার বেশি আটক রাখা আইনবিরোধী। অথচ একজন নিম্নপদস্থ চাকরিজীবীকে বেআইনিভাবে আটক রেখে তাকে হয়রানি করা হচ্ছে। এর মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, অনতিবিলম্বে আটক ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের সামনে উপস্থাপন করতে হবে। যেহেতু তাকে আইনবহির্ভূতভাবে আটক রাখা হয়েছে, সেহেতু আইনের বিধান অনুযায়ী ম্যাজিস্ট্রেটের উচিত ওই সহকারী প্রোগ্রামারকে জামিনে মুক্তি দেয়া।

প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট 'হ্যাক করার' অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলমকে আটক করে পুলিশ।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) মধ্যরাতের পর বঙ্গভবনের এ প্রোগ্রামারকে ডিবি হেফাজতে নেয়ার তথ্য দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, তাকে আমরা নিয়ে এসেছি। তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে জামায়াত আমীরের ‘এক্স’ হ্যান্ডেল ব্যবহার করে নারী বিদ্বেষী এক পোস্ট ঘিরে দিন দুয়েক আগে ভোটের প্রচারণার মধ্যে রাজনীতিতে উত্তাপ ছড়ায়। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, দলের প্রধানের এক্স হ্যান্ডেল হ্যাক করে শনিবার (২৮ জানুয়ারি) রাতে ওই পোস্ট দেয়া হয়েছিল।

বিষয়টি নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদের মধ্যে মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে গিয়ে জামায়াতের একটি প্রতিনিধি দল এ বিষয়ে অভিযোগ দেয়। এরপর ওই দিন রাতে ঢাকা মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, জামায়াতের অভিযোগের ভিত্তিতে রাতে মতিঝিল এলাকা থেকে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারকে আটক করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়