সরকারের উচ্চপর্যায় থেকে ইতিবাচক ইঙ্গিত মেলায় সোমবার (২৫ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুরে নেয়ার বার্তা দিলেও সাবেক এই প্রধানমন্ত্রীকে জার্মানিতে চিকিৎসা করাতে চাইছে তার দল বিএনপি।
তবে সরকারের কোনো শর্ত মেনে বিদেশে চিকিৎসা করাতে যেতে রাজি নন বিএনপির চেয়ারপারসন। তিনি দলীয় নেতাদের বিষয়টি জানিয়ে দিয়েছেন। তাদের রাজি হতে বারণ করে দিয়েছেন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির অনানুষ্ঠানিক বৈঠকে নেতাদের আলোচনায় এসব বিষয় উঠে এসেছে।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ূম ও জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, সরকারের সঙ্গে যোগাযোগের পর খালেদা জিয়ার পরিবারকে সরকারের কাছে আবেদন করার কথা জানানো হয়। এই প্রেক্ষিতে গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ব্যাখ্যা দেয়ার জন্য।
দলের চেয়ারপারসনের কার্যালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, গত ১৩ সেপ্টেম্বর গুলশান কার্যালয়ে এসেছিলেন জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইয়ান রুল্ফ ইয়ানোভস্কি। ওই দিনই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গটিও আসে। সেদিনই বিএনপির পক্ষ থেকে জার্মান দূতাবাসের এই কর্মকর্তার কাছে তার দেশের বিষয়টিও উল্লেখ করা হয়।
শুক্রবার অনুষ্ঠিত বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির বৈঠকে অংশগ্রহণ করা একাধিক নেতা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সোয়া ৮টা পর্যন্ত গুলশানে বৈঠক হয়। এতে আগামী দিনের কর্মসূচি, চলমান যুগপৎ কর্মসূচি, খালেদা জিয়ার স্বাস্থ্য ও তার উন্নত চিকিৎসা নিয়েও কথা বলেন নেতারা।
আরও পড়ুন <> বিশ্বে ধীরগতির শীর্ষ তিন শহর বাংলাদেশে
বৈঠকে বিএনপির পক্ষ থেকে বলা হয়, খালেদা জিয়াকে কোন দেশে পাঠানো হবে, তা এখনো নির্ধারণ করা যায়নি। এ বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। নেতারা মনে করছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশের বাইরে অবস্থান করায় এ বিষয়ে সিদ্ধান্ত আসতে সময় লাগতে পারে।
বৈঠক সূত্র জানায়, বিএনপির একজন সিনিয়র নেতা জানিয়েছেন, খালেদা জিয়া কোনো অবস্থাতেই রাজনৈতিক শর্ত মেনে বিদেশে চিকিৎসা নিতে আগ্রহী নন। তিনি পরিষ্কার করে দলের হাইকমান্ডকে বার্তা দিয়েছেন— দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার শর্তে বেগম জিয়ার মুক্তির প্রশ্নে সম্মতি না দিতে।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি কিছুদিন আগে বেগম জিয়াকে দেখে এসেছি। চিকিৎসকরা বলেছেন এবং আমরা নিজেরাও যা দেখেছি, তাতে আমি ভীত, যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেক্ষেত্রে ওই রকম কিছু ঘটলে সরকারের পক্ষে তা ভারী হয়ে যাবে।’
শুক্রবার রাতে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমাদের কাছে আবেদনটি এসেছে। আমরা আশা রাখি আগামী সোমবার (২ অক্টোবর) আইনি মতামত জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো।’ বেগম জিয়া কি বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছেন? এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘এটি তো এখনই বলা যাবে না। আমরা সোমবার মতামত জানাবো, ইনশাল্লাহ।’
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছি। বেগম জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। তাকে বিকালে সিসিইউতে নেয়া হয়েছিল। আবার কেবিনে আনা হয়েছে।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































