Apan Desh | আপন দেশ

শেখ হাসিনা শরিকদের সঙ্গে বুধবার বৈঠক করবেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪২, ১৮ জুলাই ২০২৩

শেখ হাসিনা শরিকদের সঙ্গে বুধবার বৈঠক করবেন

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পরিকল্পনা ও বিএনপি-জামায়াতের আন্দোলন মোকাবিলার কৌশল নির্ধারণ করতে শরিক দলের শীর্ষ নেতাদের নিয়ে আগামীকাল বুধবার (১৯ জুলাই) বৈঠকে বসছেন জোটনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দীর্ঘ ১৬ মাস পর অনুষ্ঠেয় বৈঠকে সাম্প্রতিক বিদেশি কূটনীতিকদের সফরের বিষয়গুলোও শরিকদের অবহিত করা হবে। মতামত নেয়া হবে শরিকদের। এর মধ্য দিয়ে জোটগতভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরুর একটা গাইডলাইন তৈরি করা হবে বলে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের কয়েকটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে।

বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা ৭টায় ১৪ দলীয় জোটের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শীর্ষ নেতা শেখ হাসিনা শরিক দলের নেতাদের নিয়ে সর্বশেষ বৈঠক করেছিলেন গত বছরের ১৫ মার্চ।

জোটের নেতারা জানান, জোটের শরিক দলগুলোর নেতারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রকাশ্যে সমালোচনা করার পাশাপাশি দীর্ঘদিন ধরেই জোটনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসার দাবি জানিয়ে আসছেন। মূলত আওয়ামী লীগের ‘একলা চলো নীতি’র কারণে নিজেদের অপাক্তেয় মনে করছেন জোটের অনেকেই। বিষয়গুলো একাধিকবার জোটের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমুসহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছেও জানিয়েছেন পৃথকভাবে। এরই ধারাবাহিকতায় বুধবার বৈঠকে বসতে যাচ্ছেন শেখ হাসিনা।

বৈঠকে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে বিদেশি কূটনীতিকদের সফরের বিষয়ে শরিকদের সঙ্গে আলোচনা করা হবে। এ ছাড়া আগামী নির্বাচন ও বিএনপি-জামায়াত থেকে আসা নির্বাচনী সংকট মোকাবিলার বিষয়গুলো শরিকদের কাছে তুলে ধরা হবে। রাজনীতির মাঠ নিজেদের দখলে রাখতে কী ধরনের কৌশল নেয়া যায়, সেখানে জোটের নেতারা কী ধরনের ভূমিকা পালন করতে পারেন, সেসব বিষয়ে এক ধরনের গাইডলাইন বা কৌশল নির্ধারণ করা হবে। এই বৈঠকের মধ্য দিয়ে ১৪ দল তার নির্বাচনী প্রক্রিয়ার সূচনা ঘটাবে। এ ছাড়া জোটগতভাবে বিরোধীদের ষড়যন্ত্র মোকাবিলার কর্মসূচি পালনেরও প্রক্রিয়া শুরু হবে এই বৈঠকের পর থেকেই।

জোটের শরিক দলের নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমন একটি সময় বৈঠকে বসছেন যখন বিদেশি কূটনীতিকরা বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ তৎপর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করার জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে। দলটি বাংলাদেশ সফর শেষ করে নিজ দেশে ফিরে গেলেও ইইউ প্রতিনিধিদলটি এখনো বাংলাদেশে রয়েছে। তারা আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। আগামী ২৩ জুলাই প্রতিনিধিদলটি ফিরে গিয়ে ইইউ সদর দফতরে রিপোর্ট জমা দেয়ার পর নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে দলগুলোকে জানানো হয়।

এদিকে ১২ জুলাই রাজধানীতে এক দফা ঘোষণার সমাবেশ থেকে মঙ্গলবার (১৮ জুলাই) ও বুধবার পদযাত্রা করার কর্মসূচি ঘোষণা করেছে। এই দুই দিনই আওয়ামী লীগ ‘শান্তি ও উন্নয়নের শোভাযাত্রা’ নিয়ে মাঠে থাকবে।

একটি সূত্র জানায়, নির্বাচন ও আন্দোলন মোকাবিলাকে গুরুত্ব দিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী কী বলেন, সেটির ওপর ভিত্তি করেই বক্তব্য রাখার প্রস্তুতি রাখছেন জোটের শরিক দলের নেতারা। এর বাইরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ও দুর্নীতির বিষয়ে আরও কঠোর নীতি অবলম্বনের প্রস্তাব রাখার প্রস্তুতি নেয়া হয়েছে।

এই বৈঠকে এখনই আসনকেন্দ্রিক আলোচনা হওয়ার সম্ভাবনা কম। তবে জোটনেত্রী শেখ হাসিনা এই বিষয়ে কোনো কথা তুললে তাতে অংশ নিয়ে নিজেদের কথা বলার জন্য প্রস্তুতিও রাখছেন শরিক দলের নেতারা।

সূত্র জানিয়েছে, বুধবারের বৈঠকে জোটের প্রতিটি শরিক দলের দু’জন করে শীর্ষনেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলগুলোর সভাপতি-সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক-যুগ্ম আহ্বায়করা বৈঠকে অংশ নেবেন। তবে শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের নীতিনির্ধারক কয়েকজন নেতা এই বৈঠকে থাকবেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক-মুখপাত্র আমির হোসেন আমু এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ উপদেষ্টা পরিষদ ও সভাপতিমণ্ডলীর কয়েকজন নেতা বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন। বৈঠকে আমন্ত্রিত সব নেতার করোনা পরীক্ষা বৈঠকের আগেই করতে বলা হয়েছে।

বিএনপি-জামায়াত জোটবিরোধী আন্দোলন শেষে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও মহাজোট। তবে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয়বার ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় ১৪ দল শরিকদের কারও ঠাঁই হয়নি। এর আগের দুই মেয়াদের সরকারে থাকা মহাজোট শরিক জাতীয় পার্টির নেতারাও মন্ত্রিসভা থেকে বাদ পড়েন।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও জোটের অন্যতম নেতা হাসানুল হক ইনু বলেন, ‘মূলত এই বৈঠকে আগামী নির্বাচন, নির্বাচনে জোটের অংশগ্রহণ কোন পদ্ধতিতে হবে তা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া বিএনপি-জামায়াত ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রক্ষমতা দখলের যে পাঁয়তারা করছে, তা জোটগতভাবে মোকাবিলার কৌশল নির্ধারণ, এক কথায় নির্বাচন নিয়ে দেশি-বিদেশি শক্তির বাধা-বিপত্তি কীভাবে মোকাবিলা করা হবে, তার একটা গাইডলাইন বা পরিকল্পনা করতে এই বৈঠক আহ্বান করা হয়েছে।’

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বডুয়া বলেন, দেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাদের অবহিত করবেন, তার ওপর সবাই মতামত দেবেন। এটি মূলত কৌশল নির্ধারণী বৈঠক।

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, এই বৈঠকে অনেক বিষয় নিয়েই আলোচনা হবে। অধিকাংশ কথাই হবে আগামী নির্বাচনকেন্দ্রিক। এখান থেকেই জোটগত নির্বাচনের কর্যক্রমের সূচনা হবে।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়