ফাইল ছবি, আপন দেশ
নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং রুফটপ সোলার সম্প্রসারণে সারা দেশে নতুন উদ্যোক্তা উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে সার্ভিস প্রোভাইডার তৈরি করবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আওতায় জেলা ও ভৌগোলিক এলাকাভিত্তিক যোগ্য সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্ত করা হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো সারা দেশে এ তালিকাভুক্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, তালিকাভুক্ত সার্ভিস প্রোভাইডাররা স্থানীয় পর্যায়ে রুফটপ সোলারসহ নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি স্থাপনে কারিগরি সহায়তা, বিনিয়োগ ও ব্যবসায়িক প্যাকেজ, গ্রাহকসেবা এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সুবিধা দেবে।
সরকারের এ উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, তরুণ ও নারী উদ্যোক্তা এবং প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। একক প্রতিষ্ঠানের পাশাপাশি যৌথ উদ্যোগেও আবেদন করার সুযোগ থাকছে।
এর মাধ্যমে নতুন ও স্থানীয় উদ্যোক্তারা জাতীয় পর্যায়ের অভিজ্ঞ কোম্পানি ও বিনিয়োগকারীদের সঙ্গে অংশীদারত্ব গড়ে নিজেদের কারিগরি, আর্থিক ও ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে পারবেন।
আরও পড়ুন<<>>দায়িত্ব পালনে নিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সার্ভিস প্রোভাইডার নির্বাচন করা হবে। এর লক্ষ্য রুফটপ সোলার ব্যবসাকে শুধু বড় প্রতিষ্ঠান বা শহরকেন্দ্রিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ না রেখে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দেয়া। পাশাপাশি গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও উদ্ভাবনী বিনিয়োগ ও সেবা প্যাকেজ তৈরি এবং সার্ভিস প্রোভাইডারদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করা হবে।
রুফটপ সোলারে বিনিয়োগ বাড়াতে বিশেষ প্রণোদনা, কর ও শুল্ক সুবিধা, সহজ ও স্বল্পসুদে অর্থায়ন এবং নতুন উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ অর্থায়নের সুযোগ সম্প্রসারণ নিয়েও কাজ করছে সরকার। বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে গ্রামীণ ও অপেক্ষাকৃত দূরবর্তী এলাকার গ্রাহক ও উদ্যোক্তাদের এ কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর।
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রুফটপ সোলার থেকে পাঁচ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
সরকারের নীতিপত্রে নিরাপদ, সাশ্রয়ী, টেকসই ও নিন্ম-কার্বন জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন ও জলবায়ু-সহনশীল উন্নয়ন এগিয়ে নেয়ার কথা বলা হয়েছে। এ লক্ষ্য অর্জনে দক্ষ জনবল, স্থানীয় উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং কার্যকর সেবা নেটওয়ার্ক গড়ে তোলাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সরকার।
বিদ্যুৎ বিভাগ আশা করছে, নতুন এ উদ্যোগের ফলে রুফটপ সোলার দেশের জ্বালানি রূপান্তরের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, স্থানীয় বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে।
পঞ্চগড় থেকে পটুয়াখালী এবং কুড়িগ্রাম থেকে কক্সবাজার দেশের সব অঞ্চলের ব্যবসায়ী, তরুণ ও নারী উদ্যোক্তাকে নবায়নযোগ্য জ্বালানির ক্রমবর্ধমান বাজারে যুক্ত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































