Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক: ভারতীয় হাইকমিশনার 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৫, ১৮ আগস্ট ২০২৬

আপডেট: ২১:০৫, ১৮ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক: ভারতীয় হাইকমিশনার 

ছবি: আপন দেশ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তা‌রেক রহমা‌নের আসন্ন ভারত সফর দুই দেশের সম্পর্কের ইতিহাসে একটি স্মরণীয় ও অনন্য মাইলফলক হয়ে থাকবে বলে আশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর দ্য ওয়েস্টিনে ঢাকায় ভারতীয় শিল্প ও বাণিজ্য মহাসংঘের (সিআইআই) প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আশা ব্যক্ত করেন।

দীনেশ ত্রিবেদী জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী এক বিশাল জনসমর্থন নিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন। আর এ জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে প্রথম অভিনন্দন জানান এবং ভারত সফরের আমন্ত্রণ জানান।

হাইকমিশনার বলেন, আমি দিল্লির পক্ষ থেকে আপনাদের নিশ্চিত করছি যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ভারত সফর করবেন, তিনি সেখানে তার প্রাপ্য সর্বোচ্চ সম্মানজনক সংবর্ধনা পাবেন। তার এ সফরটি হবে অত্যন্ত স্মরণীয়। 

তিনি বলেন, দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত সমস্যা থাকলেও আলোচনার মাধ্যমে তা সমাধান সম্ভব। তিনি মনে করেন, এ সফরটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘স্বর্ণালী অধ্যায়’ হিসেবে চিহ্নিত হবে।

অনুষ্ঠানে হাইকমিশনার আরও ব‌লেন, ভারত ও বাংলাদেশ কেবল ভৌগোলিক বা ঐতিহাসিকভাবেই যুক্ত নয়, বরং দুই দেশের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ও স্বপ্নগুলোও অভিন্ন।

তিনি বলেন, আমরা শুধু পানি ভাগ করি না, আমরা স্বপ্নও ভাগ করি।

বাংলাদেশের সঙ্গে ভারতের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক রয়েছে এমন বার্তা নিয়েই তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন <<>> রাষ্ট্রপতি নির্বাচনে ২০ সহায়ক কর্মকর্তা নিয়োগ ইসির

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা‌দে‌শের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও ভারসাম্যপূর্ণ করার ওপর জোর দেন।

শামা ওবায়েদ ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর এবং বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজতর করার আহবান জানান।

ভারতীয় হাইকমিশনার তার বক্তব্যে বেসরকারি খাতের ভূমিকার কথা তুলে ধরে বলেন, দুই দেশের মানুষের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায়ীদের বড় ভূমিকা রয়েছে।

তিনি বিশ্বাস করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ সফরটি শেষ পর্যন্ত দুই দেশের সাধারণ মানুষ এবং ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য বড় ধরনের সুফল বয়ে আনবে।

সংবর্ধনা অনুষ্ঠানে সিআইআই এর প্রতিনিধিদল ছাড়াও বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

আপন‌ দেশ/মিম/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়