Apan Desh | আপন দেশ

সেবাবঞ্চনাও দুর্নীতি, সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহবান তথ্য প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪০, ৪ আগস্ট ২০২৬

আপডেট: ১৬:৪৪, ৪ আগস্ট ২০২৬

সেবাবঞ্চনাও দুর্নীতি, সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহবান তথ্য প্রতিমন্ত্রীর

ছবি: আপন দেশ

মানুষকে কাঙ্ক্ষিত সরকারি সেবা থেকে বঞ্চিত করাও দুর্নীতির অংশ এমন মন্তব্য করে হাসপাতালসহ সরকারি সেবাপ্রতিষ্ঠানের অনিয়ম, অব্যবস্থাপনা ও সেবাবঞ্চনার বিষয়গুলো সাংবাদিকদের লেখনীর মাধ্যমে তুলে ধরার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

তিনি বলেন, দুর্নীতি শুধু অর্থ আত্মসাতের মধ্যে সীমাবদ্ধ নয় নাগরিকদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত করাও অনিয়ম ও দুর্নীতির অংশ। বিশেষ করে স্বাস্থ্যসেবায় অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো অনুসন্ধান করে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (০৪ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকায় কর্মরত বৃহত্তর ময়মনসিংহের নেতৃত্বস্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বৃহত্তর ময়মনসিংহের দীর্ঘদিনের অবহেলা ও অনগ্রসরতা দূর করতে আঞ্চলিক সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, অবকাঠামো, যোগাযোগ, চিকিৎসাসেবা ও নাগরিক সমস্যার সমাধানে বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগে এগোতে হবে।

বৃহত্তর ময়মনসিংহের যোগাযোগব্যবস্থা উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, ঢাকার বিমানবন্দর থেকে ভালুকা পর্যন্ত এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ময়মনসিংহ বিভাগের ৩৪ জন এমপির ডিও লেটার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। প্রস্তাবটি বর্তমানে নীতিগত সিদ্ধান্ত ও একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে-জানান প্রতিমন্ত্রী। এ ছাড়া ময়মনসিংহের সঙ্গে দ্রুতগতির ট্রেন যোগাযোগ চালু এবং ময়মনসিংহ রেলওয়ে স্টেশন আধুনিকায়নের বিষয়েও প্রাথমিক আলোচনা চলছে বলে জানান তিনি। 

তিনি বলেন, বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। এ অঞ্চলের এমপি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়া হবে। জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও ময়মনসিংহ নিয়ে গঠিত বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে আঞ্চলিক সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। এসময় তার কর্মজীবন ও রাজনীতিতে আসা, আন্দোলন-সংগ্রাম এবং স্বৈরাচার সরকারের নিপীড়নের কথাও তুলে ধরেন এ জনপ্রতিনিধি।

দেশের প্রতিটি জেলা পর্যায়ে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ও কমিউনিটি সেন্টারভিত্তিক একটি করে মানসম্মত প্রেস ক্লাব নির্মাণের প্রস্তাব সরকারের বিবেচনায় রয়েছে বলেও জানান তথ্যপ্রতিমন্ত্রী। 

মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা বৃহত্তর ময়মনসিংহের সামগ্রিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত দেন। তারা অঞ্চলের যোগাযোগ, অবকাঠামো, চিকিৎসাসেবা ও নাগরিক সমস্যার সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ইলিয়াস হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রফিক মুহাম্মদ, বিএফইউজের নির্বাহী সদস্য হামিদুল হক মানিক, বাংলানিউজ ২৪.কমের সম্পাদক মঞ্জুরুল হক, ডেইলি আপন দেশ ডটকমের প্রধান সম্পাদক ও ডিআরইউর সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, টাঙ্গাইল সাংবাদিক ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুল হক, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব শফিউল আলম দোলন, ময়মনসিংহ সাংবাদিক ফোরাম-ঢাকার সদস্য সচিব মো. গোলাম কিবরিয়া, জামালপুর সাংবাদিক ফোরাম-ঢাকার সভাপতি এম মনিরুল আলম, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণ, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)- এর সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ডিআরইউর সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান, ডিপ্লোমেটিক করসপনডেন্ট অব বাংলাদেশ (ডিক্যাব)-এর সাবেক সভাপতি মাসুদ করিম ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান প্রমুখ।

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়