Apan Desh | আপন দেশ

জাপানি প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫২, ১ জুলাই ২০২৬

জাপানি প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

ছবি: পিএম দফতর

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবার (০১ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক এ বৈঠক হয়।

জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকি’র নেতৃত্বে প্রতিনিধি দলটিতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা’র প্রেসিডেন্টসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে জাইকা’র অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন মেগা প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এমআরটি লাইনসমূহ এবং হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন<> দেশে নতুন তিন উপজেলা, এক থানা হচ্ছে

বৈঠকে বাংলাদেশের চলমান জ্বালানি সংকট মোকাবেলায় বিশেষ গুরুত্ব দেয়া হয়। এ সংকট কাটিয়ে উঠতে জাপানের পক্ষ থেকে পূর্বঘোষিত ৩১২ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা বাড়িয়ে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার বিষয়ে জাপান ইতিবাচক সাড়া দিয়েছে। এছাড়া, দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে স্বাক্ষরিত 'বাংলাদেশ–জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি' (EPA) দ্রুত এগিয়ে নেয়ার বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

প্রতিরক্ষা ও সমুদ্র-নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে জাপানি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে অবহিত করে যে, বাংলাদেশ নৌবাহিনীকে জাপানের পক্ষ থেকে ৫টি প্যাট্রোল বোট উপহার দেয়া হবে।

আরও পড়ুন<> পাউবোর ডিজি স্বৈরাচারের ক্যাশিয়ার, নেপথ্যে বড় ডিল

বৈঠকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে জাপানের অব্যাহত সহযোগিতা এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান। সাক্ষাৎ শেষে প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায়। প্রধানমন্ত্রীও সুবিধাজনক সময়ে জাপান সফরের আশাবাদ ব্যক্ত করেন।

দ্বিপাক্ষিক এ গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

জাপানের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর পরিচালক হিরোসে আইকো, জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো এবং জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়