ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
দেশের প্রশাসনিক কাঠামোয় আরও তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা যুক্ত করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)। বুধবার (০১ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন অনুমোদিত উপজেলা তিনটি হচ্ছে—চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গারা’ এবং ময়মনসিংহের ‘পাগলা’। এছাড়া নতুন থানা হিসেবে অনুমোদন পেয়েছে চট্টগ্রামের ‘হালদা’।
চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে চট্টগ্রামের ফটিকছড়ির ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠন করা হবে।
এ ছাড়া কুমিল্লার মুরাদনগরকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ নামে নতুন উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা গঠিত হবে।
আরও পড়ুন<<>>পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি
নতুন তিন উপজেলা নিয়ে দেশে উপজেলার সংখ্যা হচ্ছে ৪৯৮টি। আর থানার সংখ্যা দাঁড়াচ্ছে ৬৪০টিতে।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বলেন, একটি থানা এবং তিনটি উপজেলা ছাড়াও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকা জেলার অন্তুর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
তারেক রহমানের সভাপতিত্বে নিকার বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতি মন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































