ছবি : আপন দেশ
ব্যাটারিচালিত রিকশা রাজধানী থেকে উঠিয়ে দেয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একার পক্ষে সম্ভব নয়। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এমনটিই জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর মোহাম্মদপুরের লেক রোডে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক মামলা দায়ের ও যানবাহন মনিটরিং কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে শুধু পুলিশের পক্ষে এ সমস্যা সমাধান সম্ভব নয়। এ বিষয়ে সমন্বিতভাবে কাজ চলছে।
তিনি জানান, রাজধানীর ১৮টি গুরুত্বপূর্ণ মোড় ও ক্রসিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা চালুর পর এখন পর্যন্ত প্রায় দেড় হাজার মামলা করা হয়েছে এবং ৩৮ হাজার সমন জারি করা হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, এআই ক্যামেরা চালুর পর ট্রাফিক সিগন্যালে আইন মানার প্রবণতা বেড়েছে। আগে সিগন্যালে যানবাহন থামাতে ট্রাফিক সদস্যদের হিমশিম খেতে হলেও এখন পরিস্থিতির উন্নতি হয়েছে।
আরও পড়ুন : ইনুর ১০ বছরের কারাদণ্ড
ডিএমপির তথ্যমতে, গত ৭ মে থেকে ঢাকার বিভিন্ন মোড়ে পরীক্ষামূলকভাবে এআই প্রযুক্তির ব্যবহার শুরু করে ট্রাফিক বিভাগ। ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে ক্যামেরার মাধ্যমে সংশ্লিষ্ট যানবাহন শনাক্ত করা হচ্ছে। পরে যানবাহনের মালিকের নামে ডিজিটাল পদ্ধতিতে মামলা করা হচ্ছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































